ফাতেহ ডেস্ক :
নওগাঁর সাপাহারে জনসাধারণের ব্যবহার্য সরকারি কবরস্থান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। স্থানীয় ওই নেতা সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা।
কবরস্থানের জায়গা দখলকারীর বিরুদ্ধে ১শ’ গ্রামবাসী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র ভূমি মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার রাজশাহী, জেলা প্রশাসক নওগাঁ ও স্থানীয় উজেলা নির্বাহী অফিসে দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, উক্ত গ্রাম ও গ্রামের বিদ্যালয় মাঠের দক্ষিনাংশে আর এস ১ নম্বর খতিয়ানের ৭৯ নম্বর দাগে ৯৩ শতাংশ কবরস্থান নামে রেকর্ডভুক্ত জমি দীর্ঘদিন ধরে আলী মর্তুজা গং এর লোকজন আমবাগান করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি তারা উক্ত স্থানে একটি পুকুর খননের উদ্যোগ নিয়ে খনন কাজ শুরু করলে খননকালে সেখান থেকে একটি মানবদেহের কঙ্কাল বের হয়। মানবদেহের কঙ্কাল দেখে খননকৃত লেবার মহব্বত আলী ভয়ে শিউরে উঠে এবং খননকাজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে সরকারি সম্পত্তি দখলকারী আলী মর্তুজা গণমাধ্যমকে বলেন, উক্ত সম্পত্তির উপর ১৯৭৯ সালের চাপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের একটি রায়ের কাগজ প্রদর্শন করে বলেন যে উক্ত সম্পত্তি তার বাবা সরকার বাহদুরের বিপক্ষে মামলা করে রায় পেয়েছেন। তাই উক্ত সম্পত্তি তাদের বলে দাবি করে দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছেন।
তবে জমির কাগজপত্রে খতিয়ান নং-১ ও শ্রেণি কবর স্থান উল্লেখ থাকলেও তার রায়ের কাগজে জমির শ্রেণি ডাঙ্গা উল্লেখ রয়েছে।
সহকারী ভূমি কমিশনার সোহরাব আলী ও উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ তারা এখনও পাননি। তবে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
