ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ফ্রান্সে গিয়ে জড়ালো সন্ত্রাসবাদে

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের ইংলিশ মিডিয়াম পড়ুয়া এক শিক্ষার্থী ফ্রান্সে গিয়ে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। তার নাম সাইফ রহমান ওরফে তোতন (২৪)। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি।

সিটিটিসির উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সাইফ রহমানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিটিটিসি সূত্র জানায়, সাইফ রহমান ২০১৪ সালে ঢাকার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল থেকে এ লেভেল সম্পন্ন করে। এরপর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল সম্পন্ন করে ২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে ইউনিভার্সিটি অব ডি-সেরগি পন্টাইজে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে তিনি প্যারিসের ইউনিভার্সিটি অব প্যানথিয়ন আসাসে প্রশাসন শাখায় খণ্ডকালীন চাকরিতে যোগদান করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইফ রহমান ২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে পড়তে যান। এ সময় তার মা জেরিন রহমানও তার সঙ্গে প্যারিসে অবস্থান করছিলেন। প্যারিসে থাকা অবস্থাতেই সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েন সাইফ। কয়েক মাস আগে ফ্রান্স পুলিশ তাকে প্রথমে নজরদারি করতে শুরু করে। একপর্যায়ে তাকে বাসা থেকে আটক করে দেশটির পুলিশ। আটকের পর সাইফকে প্রায় দুই মাস প্যারিসের একটি ডিপোর্টেশন সেন্টার রাখা হয়।

জানা গেছে, ঢাকার উপকণ্ঠ দোহারের বাসিন্দা সাইফের বাবার নাম লুৎফর রহমান। বাবা-মায়ের একমাত্র সন্তান সাইফকে ফ্রান্স পুলিশ আটক করার পরপরই তার মা জেরিন রহমান তড়িঘড়ি দেশে চলে আসেন। মোস্তফা নামে তার (সাইফের) এক চাচা ইতালিতে থাকেন। পুলিশ কর্মকর্তাদের ধারণা, ফ্রান্সে পড়তে গিয়ে অনলাইনের মাধ্যমে সাইফ সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছিলেন।

আগের সংবাদএখনো কারাগারে চাঁদপুরে নির্যাতনের শিকার মাদরাসাশিক্ষক
পরবর্তি সংবাদবিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত স্বামী-স্ত্রী