আন্তর্জাতিক ডেস্ক :
ইংল্যান্ডে দেশসেরা ২০টি স্কুলের তালিকায় প্রথম তিনটি স্কুলই ইসলামিক স্কুল। এ ছাড়া সেরা বিশে আরও পাঁচটি ইসলামিক স্কুল রয়েছে। খবর আল জাজিরা অনলাইন।
শনিবার আল জাজিরার বিশেষ একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশব্যাপী ৬ হাজার ৫ শ’ শিক্ষাপ্রতিষ্ঠানের উপর জরিপ চালিয়ে সেরা ২০টি স্কুলের সংক্ষিপ্ত একটি তালিকা করে ইংল্যান্ড সরকার। সংক্ষিপ্ত এ তালিকায় প্রথম তিনটিসহ আটটি স্কুলই ইসলামিক।
গোটা ব্রিটেনের সেরা তিন স্কুলের তালিকায় প্রথম স্থানে রয়েছে, ব্ল্যাকবার্নের তাওহিদুল ইসলাম গার্লস স্কুল, দ্বিতীয়তে বার্মিংহামের আদন বয়েজ স্কুল এবং তৃতীয়তে কোভেন্তির আদন গার্লস স্কুল।
খবরে জানানো হয়, সদ্য শেষ হওয়া শিক্ষাবর্ষের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে এই তালিকার ক্রম ও স্তর নির্ধারণ করেছে ব্রিটিশ শিক্ষা-মন্ত্রণালয়। এ জন্য সারা দেশের স্কুলসমূহে গিয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই করে মন্ত্রণালয় কতৃপক্ষ। শিক্ষার উন্নতির পাশাপাশি মেধা যাচাইয়ে প্রতিটি শ্রেণীর গ্রেডের হারের প্রতিও সমান গুরুত্ব দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ইংল্যান্ডে অন্তত ১ হাজার ৬ শ’ ইসলামিক স্কুল রয়েছে, এগুলোতে প্রায় ২ লক্ষ মুসলিম শিক্ষার্থী পড়াশোনা করে।
প্রভাবশালী একটি বৃটিশ পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, দেশটির একতৃতীয়াংশ নাগরিক মনে করেন দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের উত্থান তাদের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে। অপরদিকে বিশ্লেষকদের দাবি, এসব ক্ষেত্রে মুসলিমরা শক্তিশালী হয়ে ইসলাম এবং মুসলমানদের প্রতি বৃটিশদের দৃষ্টিভঙ্গিও বদলাতে সক্ষম হবে।
