ইউরোপের ৫ দেশে যাচ্ছে সাতক্ষীরার আম

ফাতেহ ডেস্ক

পঞ্চমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের পাঁচ দেশে যাচ্ছে সাতক্ষীরার আম। এরই মধ্যে গতকাল মঙ্গলবার রপ্তানির উদ্দেশ্যে সাতক্ষীরা ছাড়ে দুই মেট্রিক টন হিমসাগর আম।

এ বছর সাতক্ষীরা থেকে ২০০ মেট্রিক টন হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বিদেশে আম পাঠাতে পেরে আনন্দিত চাষিরা। গতবারের মতো একই পরিমাণ আম এবার বিদেশের বাজারে যাচ্ছে।

স্বাদ ও মান ভালো হওয়ায় রপ্তানি চাহিদা ধরে রেখেছে সাতক্ষীরার আম। মাটি ও আবহাওয়া অনুকূলে হওয়ায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। আমের স্বাদও ভালো।

এসব কারণে পাঁচ বছর ধরে আম রপ্তানি হচ্ছে ইউরোপের ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও পর্তুগালে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এফএওর যৌথ কারিগরি সহায়তায় মঙ্গলবার রপ্তানির উদ্দেশে সাতক্ষীরা ছাড়বে ২ মেট্রিক টন হিমসাগর আম।

সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের আমচাষি আলী রেজা বলেন, বিদেশে পাঠানোর জন্য গ্রেডিং করে বিষমুক্ত ও দাগহীন আম বাছাই করতে হয়। বিদেশে আম পাঠানোর জন্য শুরু থেকেই গাছের নিয়মিত পরিচর্যা করা হয়; ঘাস পরিষ্কার করতে হয়। গাছের শুকনো ডাল ছেটে ফেলতে হয়। সেক্স ফেরোমন ফাঁদ পেতে পোকা দমন করতে হয়, সেচ দিতে হয়। কয়েকবার স্প্রে করতে হয়।

এভাবেই আম রপ্তানিযোগ্য করতে সব সময় নিবিড় পরিচর্যা করতে হয় বাগানগুলোয়। তিনি আরও বলেন, তিনি ২৫ বিঘা জমিতে ৫০ মেট্রিক টন আম উৎপাদন করেছেন। এর মধ্যে ১০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হবে। প্রথম দফায় ২ মেট্রিক টন আম বিদেশে যাচ্ছে। মণপ্রতি ২ হাজার ৮০০ টাকা করে পাচ্ছি এবং এতে আমি লাভবান হব বলে আশা করছি।

আগের সংবাদভারতের স্কুলগুলোতে কুরআনসহ ছয়টি ধর্মীয় গ্রন্থকে পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করার প্রস্তাব নারী ও শিশু মন্ত্রীর
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় ৫ মাসে ১০ হাজার বাংলাদেশি আটক