ইচ্ছেমতো মাত্রায় পরমাণু সমৃদ্ধ করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

এখন থেকে নিজের ইচ্ছেমতো মাত্রায় পরমাণু সমৃদ্ধ করবে ইরান। রোববার দেশটির বেঁধে দেয়া ২ মাসের আল্টিমেটাম শেষ হয়। এরমধ্যে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা রাষ্ট্রগুলো নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরান। এরফলে এখন যেকোনো মাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করতে পারবে দেশটি। খবর বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পরমাণুশক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবন্দী ও ইরান সরকারের মুখপাত্র আলি রাবিয়েই তেহরানে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন এবং ইরানের নতুন এ সিদ্ধান্তের ঘোষণা দেন। এটি সরাসরি দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। এতে ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতি ৬০ দিনে ইরান এই চুক্তির একেকটি শর্ত থেকে বেরিয়ে আসবে। আব্বাস আরাকচি আরো বলেছেন, পরমাণু সমঝোতার যে ধারাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে সেগুলো আজ থেকে ইরান আর মানবে না।

গত মে মাসে ইরান পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে চুক্তিতে থাকা অর্থনৈতিক ও তেলের বিষয়ে দেয়া প্রতিশ্রুতি পূরণের জন্য ৬০ দিনের সময় বেঁধে দিয়েছিল। সে সময় ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যদি সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা বাড়াবে। এরইমধ্যে, ইরান প্রতিশ্রুতি স্থগিত রাখার প্রথম পর্বে ৩.৬৭ মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুত অনুমোদিত পরিমাণের চেয়ে বাড়িয়েছে।

আগের সংবাদনির্যাতনের পর বলানো হয় ‘গো মাতা কি জয়’
পরবর্তি সংবাদএয়ার ইন্ডিয়ার বিমানে হজযাত্রীরা জমজমের পানি বহন করতে পারবে না