ফাতেহ ডেস্ক :
১০ জানুয়ারি শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা। এবারের ইজতেমায় অংশগ্রহণ করতে ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন ইজতেমার প্রধান আকর্ষণ তাবলিগের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা আহমদ লাট ও মাওলানা ইবরাহিম দেওলা।
বুধবার সন্ধ্যায় তারা শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাবলিগের এ শীর্ষ মুরব্বিদের অভ্যর্থনা জানান বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল।
৫৫তম বিশ্ব ইজতেমায় অংশগ্রহণে সারা বিশ্ব থেকে আসা শুরু করেছেন হাজারো বিদেশি মেহমান। ইতিমধ্যে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়া, মালেশিয়া, আফ্রিকা, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভারত, সৌদি আরব ও কম্বোডিয়া থেকে এসেছেন অনেক ধর্মপ্রাণ মুসলমান।তাদের আবাসন ও যোগাযোগ ব্যবস্থায় কাজ করছেন বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইল মসজিদের নির্ধারিত একটি প্রতিনিধি দল।
