
আন্তর্জাতিক ডেস্ক:
জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে ইহুদিবাদী দেশ ইজরাইলকে হুশিয়ার করেছে আরব লিগ।
আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার এক বিবৃতিতে আরব লিগ এ হুশিয়ারি দেয়। খবর সৌদি গ্যাজেটের।
বিবৃতিতে ইজরাইলকে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে।
গত শনিবারও দখলদার ইজরাইলের সেনাবাহিনীর গাজা উপত্যকায় গুলি করে ২০ ফিলিস্তিনিকে আহত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইজরাইলিদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।
এ মাসের প্রথম দিকে আরব লিগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরাইলকে সতর্ক করেছিল। তখন আরব লিগ বলেছে— ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে, তার অর্থ হচ্ছে— তারা শক্তি প্রদর্শন করছে।
এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লিগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়।
