‘ইজরাইল-বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে ফিলিস্তিন’

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইজরাইল শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিনি সংকট সমাধানের শেষ সুযোগ ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম বার্ষিক সাধারণ অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। খবর পার্সটুডে।

ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, তেল আবিব আমেরিকার তৈরি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে যা ইজরাইলকে পশ্চিম তীরের প্রায় গোটা অংশকে গ্রাস করার সুযোগ করে দিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইসরাইল সহজেই ফিলিস্তিনিদের আরো ৩৩ শতাংশ ভূমি জবরদস্তিমূলকভাবে দখল করে নিতে পারবে যা এর আগের শান্তি পরিকল্পনাগুলোর মারাত্মক লঙ্ঘন।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনি জাতি আত্মসমর্পণ করবে না বরং তারা তাদের ইজরাইল-বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে এবং একদিন অবশ্যই বিজয়ী হবে।

আগামী বছরের গোড়ার দিকে একটি ‘প্রকৃত শান্তি প্রক্রিয়া’ শুরু করার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট ।

আগের সংবাদভারত ইসলামবিদ্বেষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে: ইমরান খান
পরবর্তি সংবাদজাতিসংঘের ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা