ফাতেহ ডেস্ক :
ইন্টারনেটে কোনো কিছুর সত্যতা যাচাই না করেই প্রতিক্রিয়া না জানাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেশের জনগণকে অনুরোধ করব ইন্টারনেটে কোনো কিছুর সত্যতা যাচাই না করেই প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়। সবাইকে সঠিক তথ্য যাচাই-বাছাই করে দেখতে হবে।’
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ অনুষ্ঠানের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশের জনগণেকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি দেশের জনগণকে বলব, দয়া করে ইন্টারনেটে যা কিছু আসে সেগুলোর সত্যতা যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবেন না। তথ্যের বৈধতা অতি গুরুত্বপূর্ণ। কারণ এটি সমাজ ও ব্যক্তিজীবনে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। অভিভাবক এবং শিক্ষকদের এই বিষয়গুলো সম্পর্কে সর্বদা সচেতন থাকা উচিৎ।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
