আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ায় ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে হাজারো মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। খবর স্কাই নিউজ ও জাকার্তা পোস্ট।
বন্যা ও ভূমিধসের কারণে শুক্রবার পশ্চিম জাভা প্রশাসন জরুরি অবস্থা জারি করেছেন। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এ জরুরি অবস্থা কার্যকর থাকবে। জরুরি অবস্থার কারণে এসব এলাকায় দুর্গতদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য সেবা, পরিষ্কার পানি, স্যানিটেশন সুবিধা, আশ্রয় ও মানসিক সেবা দ্রুততার সঙ্গে দেবে প্রশাসন।
গত কয়েকদিনের বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন ১ লাখ ৭৫ হাজার মানুষ। রেলপথ বন্ধ হয়ে গেছে এবং বন্যার কারণে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
