
ফাতেহ ডেস্ক: রাজশাহী জেলা আওয়ামী লীগের ইফতার পার্টি নিয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। একজন আরেকজনকে ‘চাঁদাবাজ’ ও ‘হেরোইন সিন্ডিকেট সদস্য’ বলে আক্রমণ করেছেন।
শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করার কথা ছিল জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপির। সে অনুযায়ী দাওয়াতপত্রও বিলি হয়েছে। কিন্তু ফারুক চৌধুরী এই আয়োজনের কিছুই জানেন না বলে দাবি করেছেন। ফারুক চৌধুরী দাবি করেন, তার অগোচরে জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ‘ব্যাপক চাঁদাবাজি’ করার জন্যই দলীয় ফোরামে সিদ্ধান্ত না নিয়ে এই ইফতার পার্টির আয়োজন করেছেন। তবে আসাদ বলেছেন, ‘কে চাঁদাবাজি করে, আর কে হেরোইন সিন্ডিকেট সদস্য তা সবাই জানেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ৬ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এরপর থেকেই সভাপতি-সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা দেয়। সৃষ্টি হয় দুটি আলাদা বলয়। এরপর ২০১৬ সালের ডিসেম্বরে জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে ফারুক চৌধুরী দলীয় মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলুর পক্ষে ভোট করলেও সাধারণ সম্পাদক আসাদ ভোট করেন ব্যবসায়ী ও বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকারের পক্ষে। এরপর থেকে দুই নেতার বিরোধ চরম আকার ধারণ করে।
গত ডিসেম্বরে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখন দিন যত যাচ্ছে দুই নেতার বিরোধ ততই বাড়ছে। এখন প্রকাশ্যে দুই নেতা দু’জনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, চাঁদাবজির কথাও বলে বেড়াচ্ছেন। ওমর ফারুক চৌধুরী সমকালকে বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে আসাদ দলীয় মনোনীত প্রার্থী মাহাবুব জামান ভুলুর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলীর কাছ থেকে প্রচুর টাকা নিয়ে তার পক্ষে ভোট করেন। এরপর থেকেই তার সঙ্গে মতবিরোধ দেখা দেয়। শনিবারের ইফতার বিষয়ে সে আমাকে কিছুই জানায়নি। অথচ চিঠিতে সে আমার নাম ব্যবহার করেছে। দলীয় ইফতার করতে হলে অবশ্যই দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আসাদ তার কিছুই করেনি। আমার নাম ব্যবহার করে চিঠি দিয়ে সে ব্যাপক চাঁদাবাজি করেছে।’
তবে ফারুক চৌধুরী অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার আসার আগে তার কিছুই ছিল না। এখন দুই-তিনটি গাড়ি, ঢাকায় বাসা ভাড়া কোথা থেকে আসে? দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সে নিজে ‘আওয়ামী পরিষদ’, আর তার ভাইকে দিয়ে করেছে ‘জয়বাংলা পরিষদ’। ৩০ লাখ টাকা খরচ করে জয়বাংলা পরিষদের জন্য ভবন বানিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত জেলা পরিষদ নির্বাচনের পর প্রকাশ্যে তাকে সাবধান করেছেন, কিন্তু সে সাবধান না হয়ে আরও তেজি হয়ে উঠেছে।’ তিনি বলেন, ‘আমার নামে তো মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠে না। তার নামে লাখ লাখ টাকার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠে কেন? মনোনয়নের খাতায় দু’জনেরই তো স্বাক্ষর ছিল।’
এ বিষয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সভাপতি ইফতারের খবর জানে না এটা তার ব্যর্থতা, আমার না। সে দেশ-বিদেশ দৌড়ে বেড়ালে আমার করার কী আছে? তার বাসায় চিঠি পৌঁছাইছি।’ চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বলেন, ‘বেয়াদবির একটা সীমা আছে, আমি চাঁদাবাজি করি, না ফারুক চৌধুরী করে- এটা সবাই জানে। আমি হেরোইন সিন্ডিকেটের সদস্য নই। পরিস্কার ভাষায় বলতে চাই, ফারুক চৌধুরী আওয়ামী চেতনাবিরোধী লোক। সে জেলা আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে এক বছর ধরে অংশ নেয় না। কোনো জাতীয় দিবসে আসে না। সে আওয়ামী লীগে এসেছে সুযোগ নিতে। সে ছাত্রদল, ফ্রিডম পার্টি করে আওয়ামী লীগের অভ্যন্তরে ষড়যন্ত্র করতে এসেছে। আমি ওসি নিয়োগে ২০ লাখ টাকা নিইনি, মার্কেট করে হেরোইন ব্যবসায়ীদের কাছে বিক্রি করিনি। আমি জামায়াত-বিএনপিকে চাকরি দিয়ে অর্থ উপার্জন করিনি- ফারুক চৌধুরী এসব করেছে।’ তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগের ইফতারে কোনো চাঁদাবাজি হয়নি। জেলা আওয়ামী লীগ নেতাদের টাকাতেই ইফতার হয়েছে।’
জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, দুই নেতার এই বিরোধে জেলা আওয়ামী লীগের চরম ক্ষতি হচ্ছে। এটা দলের জন্য অশুভ।
