
আন্তর্জাতিক ডেস্ক :
পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিবাদন জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে ইমরান খানের সাম্প্রতিক ইরান সফরের কথা উল্লেখ করে ওই অভিবাদন ব্যক্ত করেন।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি জাতিসংঘে দেয়া ভাষণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রস্তাব তুলে ধরেছে সে কথা উল্লেখ করে জারিফ বলেন, এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সৌভাগ্য প্রতিষ্ঠার কাজে আঞ্চলিক সবগুলো দেশের প্রতি আহ্বান জানাচ্ছে তেহরান।
গত ২৫ সেপ্টেম্বর ইরানের প্রেসিডেন্ট রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি নয়া জোট গঠনের প্রস্তাব করেন। তিনি বলেন, আমি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ঘটনাবলিতে জড়িত সকল দেশকে নিয়ে একটি জোট গঠনের প্রস্তাব করছি যার নাম হতে পারে ‘কোয়ালিশন অব হোপ’ বা ‘প্রত্যাশার জোট’।
এদিকে, রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একদিনের সফরে তেহরান যান এবং প্রেসিডেন্ট রুহানি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার অবসান ঘটানোর লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে তেহরান সফরে এসেছেন। এরপর পাক প্রধানমন্ত্রী মঙ্গলবার সৌদি আরব সফর করেন।
