ইমরান খানকে মোদির ‘বার্তা’

ফাতেহ ডেস্ক

পাকিস্তানের শান্তির উদ্যোগের ফলে কাশ্মির ইস্যুতে চলমান উত্তেজনা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। এর প্রেক্ষিতে আজ পাকিস্তান দিবসকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দিবাগত রাতে পাঠানো এ বার্তাকে শান্তির উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।

নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, মোদির বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খান। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছি। তিনি জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।

ইমরান খান আরো বলেন, ‘গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সমৃদ্ধ অঞ্চল প্রতিষ্ঠায় এখনই উপমহাদেশের লোকজনের ঐক্যবদ্ধ হওয়ার সময়।’

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে কড়া হুমকি দেয় দেশটি।

এ ঘটনার কয়েকদিন পর পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়ে জইশ-ই-মুহাম্মদের ৩০০ সদস্যকে হত্যার দাবি করে ভারত। তবে এটি ডাহা মিথ্যা বলে অস্বীকার করে পাকিস্তান।

সেই উত্তেজনার মধ্যে পাকিস্তান কর্তৃক ভারতের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনা ঘটে। এমনকি ভারতীয় এক পাইলট পাকিস্তানের হাতে আটকও হয়। পরে শান্তির নিদর্শন স্বরূপ তাকে মুক্তি দেয় পাক সরকার। এতে পাক-ভারতের যুদ্ধাবস্থার আপাতত অবসান হলেও সীমান্তে প্রায়ই গুলাগুলির ঘটনা ঘটছে।

আগের সংবাদনুরসি : ধর্মনিরপেক্ষতার মোকাবেলায় দাঁড়ানো তুর্কি দরবেশ
পরবর্তি সংবাদ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা, সময়সূচি প্রকাশ