ইমাম গাজালি : কয়েকটি অভিযোগের পর্যালোচনা

ইফতেখার জামিল

পশ্চিমা বিশ্ব ও তার মুরিদানদের একটা বড় অংশ মুসলিম বিশ্বের বর্তমান পিছিয়ে পড়ার জন্য ইমাম গাজালিকে দায়ী করেন। বাংলাদেশের অন্যতম দুই প্রধান কথাশিল্পী জাকির তালুকদার ও নাজিম উদ্দিনও তাদের নানান লেখাজোখায় এটা বলার চেষ্টা করেছেন। এর প্রেক্ষিতে অনেকেই আমার কাছে এই বিষয়ে প্রশ্ন করেছেন।

পশিমা সভ্যতায় তাদের বাইরে অন্য কেউ চিন্তা করতে সক্ষম, এটা মেনে নেওয়া খুব কঠিন। এ কারণেই মুসলিম স্বর্ণযুগকে নানানভাবে লুকানো ও খাটো করার প্রচেষ্টা তাদের মধ্যে আছে। সঙ্গত কারণেই মুসলিম ইতিহাসের অন্যতম প্রধান চিন্তাবিদ গাজালির ওপর আক্রমণ করা হয়।

গাজালির বিরুদ্ধে যেসব অভিযোগ তুলা হয়, তার কয়েকটি নিয়ে আলোচনা করা যাক। খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করবো। কেউ কোন পয়েন্ট না বুঝলে কমেন্টে বলবেন। বিস্তারিত ব্যাখ্যা করে বলবো।

ক) ‘গাজালি গণিত ও গণিত সংশ্লিষ্ট জ্ঞানশাখার বিরোধী ছিলেন।’ এটা স্পষ্ট মিথ্যাচার। ইহইয়া উলুমিদ দ্বীনে গাজালি অংককে ফরজে কেফায়াহ বলেছেন। অর্থাৎ একটা সমাজে ফিকাহ বিষয়ে উচ্চতর জ্ঞানের অধিকারী আলেম না থাকলে যেমন সবাই গুনাহগার হবেন, তেমনি একটা সমাজে গণিত বিষয়ে পারদর্শী কোন ব্যক্তি না থাকলেও ঐ সমাজের সবাই গুনাহগার হবেন। কেননা একটা সমাজের বৈষয়িক স্বার্থ গণিত শেখা ব্যতীত রক্ষা করা সম্ভব নয়। আর যা ছাড়া আপনার সমাজের মৌলিক স্বার্থ রক্ষা করা সম্ভব নয়, সেটা অর্জন করা অবশ্যই আপনার সমাজের জন্য বাধ্যতামূলক বিষয়।

গাজালি তার আত্মজীবনীতে লেখেছেন, গণিত একটা অভিজ্ঞতা ভিত্তিক মানবিক জ্ঞান শাখা, এর সাথে ধর্মের সরাসরি পক্ষপাতিত্ব বা বিরোধিতা নেই। তবে এক্ষেত্রে মানুষ সাধারণত দুটি ভুল করে। যেহেতু এটা মানবিক জ্ঞান শাখা, ধর্মীয় জ্ঞান শাখা নয়,তাই অনেক ধার্মিক একে ধর্ম বিরোধী মনে করে। আবার অনেকে এতে অতিরিক্ত সময় ব্যয় করে, অথচ মাধ্যমে কোনভাবে উপকৃত হয়না, গণিতের মতো দর্শনকেও নিখুত বলে ধারণা করে জাহেল দার্শনিকদের মাধ্যমে প্রভাবিত হয়। অথচ দর্শন তো গণিতের মতো উপকারী ও নিখুত কিছু নয়। গাজালি সর্বপ্রথম ব্যাপকভাবে যুক্তিবিদ্যাকে ধর্মীয় তরিকা-বিজ্ঞান বা উসুলে ফেকাহের আবশ্যকীয় অংশে রুপান্তরিত করেন। এসব কিছুর পরে গাজালিকে গণিত বিরোধী বলাটা হাস্যকর রকমের বোকামি।

খ) ‘ গাজালি দর্শনের বিরোধী ছিলেন। ‘ দর্শন বলতে তৎকালীন যুগে বিশেষভাবে অধিবিদ্যা বুঝানো হত। অধিবিদ্যা ও ধর্মতত্ত্ব কাছাকাছি বিষয়। এর মাধ্যমে পৃথিবীর আদি সৃষ্টি , মৌলিক কর্তা ও তার গুণাবলী অনুসন্ধানের চেষ্টা চালানো হয়। বলাইবাহুল্য এই সমস্ত আলোচনা অধিকাংশই আলীক কল্পনা মাত্র ছিল। অভিজ্ঞতা বা প্রকৃতি বিজ্ঞানের কোন সমর্থন এতে ছিলোনা। ফলে এগুলো ধর্মতত্ত্বের মতোই ছিল। প্রশ্ন হচ্ছে, আজকে পশ্চিমারা ধর্মতত্ত্ব দেখতে পারেন না, তবে গাজালির আদি অধিবিদ্যার সমালোচনা গ্রহণ করতে এত অস্বস্তি লাগে কেন?

গাজালি প্রথমে তৎকালীন দর্শন চিন্তার সারমর্ম লেখেন মাকাসিদুল ফালাসিফাহ নামে। পরবর্তীতে দর্শন-চিন্তার সমালোচনায় লেখেন তাহাফুতুল ফালাসিফাহ। গাজালি এখানে অভিজ্ঞতা, প্রকৃতি বিদ্যা ও যুক্তিবিদ্যার সাহায্যে সমালোচনা করেন। সরাসরি ধর্মীয় বক্তব্য ব্যবহার করেন নি। এবং তৎকালীন গ্রীক দর্শনকে একেবারে ধ্বসিয়ে দেন। শুনতে যতই খারাপ লাগুক, গ্রীক দর্শনের অনেক সীমাবদ্ধতা-কাল্পনিকতা ছিল। তার সমালোচনা জরুরী ছিল। গাজালি এই কাজটিি করেছেন। যারা দেকারতের তরিকা বিষয়ক আলোচনা বইটি পড়েছেন, তারা যদি গাজালির আত্মজীবনীটা পড়েন, তাহলে দেখবেন, অনেক ক্ষেত্রে লাইন বাই লাইন মিলে যাচ্ছে। কমেন্টে দুটি বইয়ের খোঁজ দিচ্ছি, এখানে দেকারতে ও কান্টের সাথে গাজালির প্রতিতুলনা পাবেন।তাছাড়া প্রখ্যাত আরব পদার্থ বিজ্ঞানী বাসেল আত তাইয়ের আলোচনাও দিচ্ছি, যেখানে তিনি দেখিয়েছেন, গাজালির এই সমালোচনায় আধুনিক বিজ্ঞান নানাভাবে উপকৃত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এত শ্রদ্ধার সাথে দেকারতে ও কান্টের নাম নেওয়া গেলে গাজালির নাম কেন নেওয়া যাবেনা?

গ) গাজালির বিরুদ্ধে সবচে কমন সমালোচনা হল, গাজালি কারণতত্ত্ব অস্বীকার করেন, তিনি অনেকটা জড়বাদের পক্ষে। একটা কিছু হলে আরেকটা কিছু হবে, এই যে কারণতত্ত্ব, এটা গাজালি নাকি অস্বীকার করেন। যারা উসুলে ফেকাহ বা ইলমে কালাম পড়েন নি, তাদের পক্ষে এই অবস্থান বুঝাটা একটু মুশকিল। আপনি হাত নাড়াচ্ছেন আর কলম নড়ছে, এভাবে ভাবতে পারেন। আবার ভাবতে পারেন, কলম নড়াটা জরুরী, এটা কি বলা যায় ? এর পেছনে কি অভিজ্ঞতার বাইরে যৌক্তিক কোন প্রামাণ্যতা আছে? নেই। গাজালি বলতে চান, আসলে হাত নড়লে কলমও নড়বে, এটা আল্লাহর কুদরতে নড়বে। এছাড়া এর কোন আলাদা নড়াবার শক্তি নেই। অন্তত বৌদ্ধিকভাবে আলাদা কোন শক্তি প্রমাণ করা যাচ্ছেনা।

এ কারণেই দেখবেন, ডেভিড হিউমসহ অভিজ্ঞতাবাদী দার্শনিকরা কারণ তত্ত্ব অস্বীকার করার চেষ্টা করেছেন। প্রশ্ন হচ্ছে, গাজালিকে যদি এই কারণে সমালোচনা ও তাচ্ছিল্য করা যায়, তাহলে হিউমকে তাচ্ছিল্য করা হয়না কেন? শুধু সাদা ও কালোর পার্থক্যের কারণে? জাকির তালুকদার বা নাজিম উদ্দিনের কোন একজন কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন?

আগের সংবাদব্রিকলিন জামে মসজিদের অজানা গল্প
পরবর্তি সংবাদ৭০টি বিহারী ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্নে স্থিতাবস্থা