
দেশের সব ইমাম-মোয়জ্জিন ও খতিবের জন্য সন্মানজনক বেতন ভাতার দাবি জানানো হয়েছে সংসদে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের ৭১ বিধিতে এ বিষয়ে ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।
সংসদে মহিউদ্দিন মহারাজ বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ একটি পবিত্র স্থান এবং ইমাম-মোয়াজ্জিন ও খতিবরা অত্যন্ত সন্মান ও শ্রদ্ধার পাত্র। তারা শুধু জীবিকার তাগিদেই দায়িত্ব পালন করেন না, দ্বীন ইসলামের পবিত্র দায়িত্ব মনে করেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের আলেমদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদে ইমাম, মোয়াজ্জিম ও খতিবের মতো সন্মানজনক পেশার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সরকারিভাবে তাদের কোনা সন্মানি বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সন্মানি, সুযোগ-সুবিধা নিয়ে তাদের জীবন ধারণ করতে হচ্ছে। এতে তারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশে জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাপক হারে বেড়েছে দ্রব্যমূল্য। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারিভাবে তাদের জন্য কোনো বেতর-ভাতা ও সন্মানির ব্যবস্থা নেই। স্থানীয়ভাবে প্রদানকৃত সন্মানির পরিমাণও একেবারে সামান্য।’
এ সংসদ সদস্য আরও বলেন, ‘এই দেশের বেশিরভাগ মসিজদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদসমূহ অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল-খুশি মতো। আমাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে যতটা গুরুত্ব দেয়, ইমাম-মোয়াজ্জিনের বেতনের বিষয়ে ঠিক ততটাই উদাসীন। এমন বাস্তবাতায় দেশের সব ইমাম-মোয়জ্জিম ও খতিবকে একটা সন্মানজসক সন্মানি প্রদানের সুব্যবস্থা গ্রহণের জন্য ধর্মমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’
