আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতার হামলার জন্য ইরানকে দায়ী করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার এক টুইটার বার্তায় ইরাকি জনতার মার্কিন বিরোধী স্বতঃস্ফূর্ত বিক্ষোভের জন্য ইরানকে অভিযুক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় ইরাকি জনতার এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ উসকে দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করে বলেছেন, এজন্য ইরানকে জবাবদিহী করতে হবে। একই সঙ্গে ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুলমাহদিকে টেলিফোন করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ করেছেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দূতাবাসের নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের খবর দিয়েছে।
এর আগে গত রোববার ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র কয়েকটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জওয়ানকে হত্যা করে আমেরিকা। এর প্রতিবাদে ইরাকি জনতা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তারা গতকাল (মঙ্গলবার) বাগদাদস্থ মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাসের দেয়ালের একাংশ এবং দূতাবাসের নিরাপত্তা চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়। তারা ‘আমেরিকা ধ্বংস হোক’ বলে স্লোগান দেয় এবং মার্কিন সেনাদের ইরাক থেকে বহিষ্কার করার আহ্বান জানায়। এ সময় দূতাবাসের নিরাপত্তা কর্মীরা টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
