আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের একটি প্রতিষ্ঠান ও নয় ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে নিয়োগ পাওয়া কিংবা তার পক্ষে কাজ করার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পররাষ্ট্র সম্পদ নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে গতকাল সোমবার এ নিষেধাজ্ঞা জারি করে।
নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে নিয়োগ পাওয়া ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি, বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি, ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর পদস্থ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান এবং আইআরজিসি’র খাতামুল আম্বিয়া সদরদপ্তরের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রশিদ।
এ নিষেধাজ্ঞা আরোপ করার ফলে নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিদের কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান এসব ব্যক্তির সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিদেরকে ‘ব্যাপক ক্ষতিকর আচরণের’ দায়ে অভিযুক্ত করেছেন। বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদী আচরণের বিপরীত যেকোনো কর্মকাণ্ডকে ‘ব্যাপক ক্ষতিকর আচরণ’ বলে মনে করে যুক্তরাষ্ট্র।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে।
