
ফাতেহ ডেস্ক:
ইরানের সক্ষমতার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, ইরানের যোগ্যতা রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার। এ ছাড়া দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি ইমরান খান পাকিস্তানের শীর্ষ পর্যায়ের গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গবেষকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন বলে খবর দিয়েছে পার্সটুডে। বৈঠকে ইমরান খান ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৮ সালের মে মাসে ইরানের সঙ্গে ছয় জাতি-গোষ্ঠীর করা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ইরানের ওপর আরোপিত আগের মার্কিন নিষেধাজ্ঞা ফিরিয়ে আনেন এবং নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান বৈঠকে বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বাড়ানোর ব্যাপারে সাম্প্রতিক বছরগুলোতে একটি ভালো সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ইরান ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।
পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন ক্ষমতা গ্রহণ করি, তখন হয়তো পাকিস্তানের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে ছিল না। তবে এখন আমি বলতে পারি যে, বর্তমানে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় ইমরান খান ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
