ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

ফাতেহ ডেস্ক:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যদের সাথে সম্পর্ক ছিন্ন করে ইরানের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা পুনরায় আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ (রোববার) এক টুইট বার্তায়, একতরফাভাবে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ইরানের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে, গত ২০ আগস্ট নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। কিন্তু ১৩-২ ভোটে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যন করে পরিষদ। এরপর দ্বিতীয় দফায়ও সে প্রস্তাব প্রত্যাখ্যাত হলে যুক্তরাষ্ট্র জানিয়ে দেয়, নিরাপত্তা পরিষদ অনুমোদন না দিলেও, ৩০ দিনের মাথায় স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপিত হবে।

রোববার টুইটে, নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন মাইক পম্পেও। তবে কোনো দেশ এককভাবে এ ধরনের ঘোষণা দিতে পারে কিনা সে বিষয়ে ব্যাখ্যা দেননি তিনি।

ইরানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার এক নম্বর রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে, দেশটির বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় আঞ্চলিক শান্তি ফিরবে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যদিও আইনগত ভিত্তি না থাকায় যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ইরান ও আন্তর্জাতিক মহল।

যুক্তরাষ্ট্রের হুমকির কাছে মাথানত না করে, নিরাপত্তা পারিষদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

আগের সংবাদস্বাস্থ্য অধিদপ্তরের চালক শত কোটি টাকার মালিক!
পরবর্তি সংবাদভারতে ভবন ধসে ১০ জনের মৃত্যু