আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। ইসরাইলের অ্যাটর্নি জেনারেল অভিচাই ম্যানডেলব্লিট বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির ইতিহাসে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে এই অবস্থার মুখোমুখি হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসা নেতানিয়াহুর সাজা না হওয়া পর্যন্ত পদত্যাগের কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তার পক্ষে সংবাদ প্রচারের জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে লাখ লাখ ডলার খরচ করেছেন। এ ছাড়া ধনী ব্যবসায়ীদের থেকে নানা ধরনের উপহারের বিনিময়ে ভালো কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও আছে আর বিরুদ্ধে। অভিযোগ আছে নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধেও। সরকারি টাকায় বাইরে থেকে খাবার কিনে খেতেন তিনি।
খবরে বলা হয়েছে, ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে ইসরাইলের সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। আর জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৩ বছরের সাজা হতে পারে।
