ইসরাইলি মডেলের আদলে কাশ্মীরে হিন্দু বসতি গড়ে তোলা হবে : ভারতীয় কূটনীতিক

ইসরাইলি মডেলের আদলে কাশ্মীরে হিন্দু বসতি গড়ে তোলা হবে : ভারতীয় কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনে ইসরাইলের ইহুদি বসতি স্থাপনের মডেল অনুসরণ করে জম্মু-কাশ্মীরে হিন্দুদের জন্য স্থায়ী আবাসন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় কূটনীতিক জেনারেল সন্দীপ চক্রবর্তী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভারতীয় দূতাবাসের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। খবর এনডিটিভি।

কাশ্মীর ছাড়তে বাধ্য হওয়া পণ্ডিতরা দেশে ফিরতে পারবেন কিনা; এমন প্রশ্নের জবাবে সন্দীপ চক্রবর্তী বলেন, বিতাড়িত কাশ্মীরি পণ্ডিতরা খুব শিগগিরই উপত্যকায় ফিরতে পারবেন। কাশ্মীরি সংস্কৃতি হলো হিন্দু সংস্কৃতি। ইতোমধ্যে বিশ্বে এ ধরনের ঘটনার উদাহরণ আমাদের আছে। ইসরাইলিরা যদি এটি করতে পারেন, আমরাও পারব।

ভারতীয় এই কূটনীতিক ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন, কিছু মানুষ এই সিদ্ধান্ত নিয়ে আমাদের ওপর নাখোশ হয়েছেন…মানবাধিকার পরিষদ, মার্কিন কংগ্রেসে এ বিষয়টি নিয়ে গেছেন…তারা সিরিয়া কিংবা ইরাক কিংবা আফগানিস্তানে গিয়ে ছবি তোলেন না কেন? কেন তারা এখানে আসছেন? আমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করছি; কিন্তু তারা এতে খুশি নন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাশ্মীর ইস্যুতে তার এমন মন্তব্যের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর সেটি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। টুইটারে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে চক্রবর্তী বলেছেন, তার মন্তব্যকে প্রাসঙ্গিকতার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে এই উপত্যকায় ব্যাপক বিধি-নিষেধ ও কারফিউ জারি করে দেশটির ক্ষমতাসীন কেন্দ্রীয় বিজেপি সরকার। ইন্টারনেট ও মোবাইল সংযোগ বাতিলের পাশাপাশি ব্যাপক ধরপাকড় এখনও অব্যাহত আছে; অচলাবস্থা চলছে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে।

আগের সংবাদধর্মীয় রাজনীতি ‘ইসলামের ক্ষতি করছে’, মরক্কোর ফরিদ আনসারীর বিকল্প ব্যাখ্যা
পরবর্তি সংবাদশ্রেষ্ঠ স্থাপত্যের পুরস্কার পেল কেমব্রিজের গ্রিন মসজিদ