
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এমন একটি অত্যাধুনিক ড্রোন উন্মোচন করেছে ইরান। ড্রোনটির নাম ‘মোহাজের-১০’। প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ আগস্ট) ড্রোনটি উন্মোচন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর-আলজাজিরা’র।
ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। ড্রোনটি ৭ হাজার মিটার উচ্চতায় ২৪ ঘণ্টা উড়তে সক্ষম। এই ড্রোনের সর্বনিম্ন রেঞ্জ ২ হাজার কিলোমিটার।
৪৫০ লিটার জ্বালানি ক্ষমতাসম্পন্ন এই ড্রোন ৩০০ কেজি ওজন বহন করতে পারে। ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা সরঞ্জামাদি বহনে সক্ষম এই ড্রোনের গতি ঘণ্টায় ২১০ কিলোমিটার। এছাড়া সব ধরনের গোলাবারুদ, বোমা, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি বহন করারও ক্ষমতা রাখে মোহাজের-১০।
১৯৮২ সালে ইরাক-ইরান যুদ্ধের সময় এই ড্রোনের প্রথম সংস্করণ তৈরি করেছিল ইরান। সর্বশেষ সংস্করণ মোহাজের-১০ প্রায় সাত হাজার মিটার ওপর দিয়ে বিরতিহীনভাবে দুই হাজার কিলোমিটার চলতে পারে। ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম মোহাজের-১০।
