ইসরায়েল থেকে রহস্যজনক বিমানে চড়ে সৌদি সফর করা লোকটি কে?

আন্তর্জাতিক ডেস্ক :

একটি রহস্যজনক বিমান ইসরায়েলের বেন গুরিয়ন বিমানঘাঁটি থেকে জর্ডান হয়ে সৌদি আরব সফর করেছে। ওই বিমানে ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রিয়াদ সফর করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে বিমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছিলেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বলছে, গত মঙ্গলবার বিমানটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানঘাঁটি থেকে জর্ডানের রাজধানী আম্মানে যায়। আম্মান বিমানবন্দরে মাত্র দুই মিনিট অবস্থান করার পর বিমানটি সৌদি আরবের পথে রওয়ানা হয় এবং রিয়াদে অবতরণ করে।

এটি ছিল আমেরিকার মালিকানাধীন চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বেসরকারি বিমান। সন্ধ্যায় বিমানটি রিয়াদে পৌঁছার পর মাত্র এক ঘণ্টা অবস্থান করে। তারপর আবার ইসরায়েলে ফিরে যায়।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, যখন রহস্যজনক বিমানটি রিয়াদে পৌঁছায় তখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রিয়াদ সফর করছিলেন। ইসরায়েলি গণমাধ্যম জল্পনা-কল্পনা করছে যে, ওই বিমানে করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অথবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন রিয়াদ সফর করেন এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

এই বিমানটি সম্প্রতি ইসরায়েল থেকে মিসরের রাজধানী কায়রো ভ্রমণ করেছে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক নেই এবং সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে।

আগের সংবাদপাগলা মসজিদের দানবাক্সে মিলল দেড়কোটিরও বেশি পরিমাণ অর্থ, আছে স্বর্ণালঙ্কারও
পরবর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় মসজিদের ভেতর অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি’র আত্মহত্যা