ফাতেহ ডেস্ক :
টানা ১১ বছর মহাপরিচালকের দায়িত্ব পালন করে বিদায় নেওয়ার পর আবারও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা)-এর স্বপদে ফিরতে চান সামীম মোহাম্মদ আফজাল। গত ৩০ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই স্বপদে ফেরার সবরকম চেষ্টা শুরু করেন তিনি। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ধর্ম মন্ত্রণালয়ের প্রভাবশালী এক দায়িত্বশীলকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘মহাপরিচালক হিসেবে বর্তমানে চলতি দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। তবে সামীম আফজাল পদে ফিরতে আবারও চুক্তি নবায়ন করতে চান। কিন্তু পুরো বিষয়টিই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি চাইলেই মহাপরিচালক পদে নিয়োগ হবে।’
প্রতিবেদনে বলা হয়, ‘ইফাবার দুটি বিভাগের পরিচালক দাবি করেন, সামীম আফজালের বিরুদ্ধে মত থাকলেও সরকারের উচ্চ পর্যায়ে বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন। আর চলতি বছরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার মতো পরীক্ষিত ব্যক্তির ওপরেই সরকারের আস্থা থাকতে পারে।’
তবে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিবকে ফাউন্ডেশনের মহাপরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক কবে নাগাদ নিয়োগ হবে, এটা এখনও ঠিক হয়নি। কে হবেন, তা এখনই বলার সুযোগ নেই।’
চুক্তি নবায়ন প্রশ্নে সামীম মোহাম্মদ আফজাল গণমাধ্যমকে কিছু বলতে রাজি হননি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ‘ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে শেষ। ইসলামিক ফাউন্ডেশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
