ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের ইফতার মাহফিল ও ‘বিদআ’ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার কর্তৃক প্রকাশিত বাংলাভাষায় রচিত ৮ খণ্ডের বৃহৎ কলেবরের অনবদ্য মৌলিকগ্রন্থ ‘বিদ‘আত’-এর প্রথম দুই খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে । গতকাল ২৫ মে, ১৯ রমাযান শনিবার ল’ রিসার্চ মিলনায়তনে গ্রন্থের লেখক প্রফেসর ড. আহমদ আলীসহ বিপুল সংখ্যক লেখক ও গবেষকের উপস্থিতিতে মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মাওলানা সাইমুম সাদী, মুফতি এনায়েত উল্লাহ, মাওলানা আলী হাসান তৈয়ব, মাওলানা আবদুস সাত্তার আইনী, মাওলানা মুনীরুল ইসলাম, মাওলানা মনযূরুল হক, মাওলানা এহসান সিরাজ, মাওলানা হামমাদ রাগিব, মাওলানা মিরাজ রহমান, মাওলানা আবদুল গাফফারসহ লেখক সাংবাদিকবৃন্দ।

আলোচনায় বক্তাগণ বলেন, বিশ্বাস ও আমল তথা প্রায়োগিক ক্ষেত্রে দীন ইসলামের বিকৃতির বিষয়টিকেই আল্লাহর রাসূল সা. বিদআত নামে অভিহিত করেছেন। বিদআত এমন এক ব্যাধি যা মুসলিম উম্মাহকে দীনের মূল চেতনা থেকে ধীরে ধীরে সরিয়ে দেয়। বাংলাদেশে বিভিন্ন পথ ও পদ্ধতিতে ইসলাম সম্প্রসারিত হওয়ায় এবং ইসলামী জ্ঞানের স্বল্পতা হেতু এ অঞ্চলের মুসলিমদের মধ্যে জ্ঞাত বা অজ্ঞাতসারে বিভিন্ন বিদআত অনুপ্রবেশ করেছে এবং দিন দিন এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এ ধারা চলতে থাকলে দীন ও শরীয়ত এক সময় বিদআতের বেড়াজালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়বে যে, বিদআতের আগাছা থেকে দীন ও শরীয়তের মূল রূপ অনুধাবন করা কষ্টকর হয়ে পড়বে এবং ধীরে ধীরে ইসলাম মৌলিকত্ব হারিয়ে একটি কুসংস্কারাচ্ছন্ন লোকাচারে পর্যবসিত হবে।

বক্তারা বলেন, ইসলামি জীবনাদর্শ যাতে বিকৃতি ও পরিবর্তনের হাত থেকে রক্ষা পেয়ে তার মূল সৌন্দর্য্য নিয়ে স্বরূপে দীপ্তিমান থাকে সে জন্য প্রয়োজন প্রচলিত বিদ‘আতসমূহ চিহ্নিত করা। বিদআত হলো আগাছা, ইসলামকে আগাছামুক্ত রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সনামধন্য অধ্যাপক ড. আহমদ আলী এ প্রয়োজনীয়তা পূরণে অগ্রসর হয়েছেন। তিনি প্রচলিত বিভিন্ন বিদ‘আত নিয়ে কলম ধরে রচনা করেছেন ‘বিদআত’ সিরিজ। আট খণ্ডে সমাপ্য এ সিরিজের ১ম ও ২য় খণ্ডের মোড়ক উন্মোচিত হলো আজ। এটা অবশ্যই আমাদের জন্য সুখকর ও আনন্দের সংবাদ।

উল্লেখ্য, ২০৮ পৃষ্ঠা, ডবল ডিমাই, ৭০ গ্রাম অফসেট কাগজে মুদ্রিত এবং চাররঙ্গা প্রচ্ছদ ও বোর্ডবাধাই বিদআত ১ম খণ্ডের মুদ্রিত মূল্য ৩০০ টাকা। ১ম খণ্ডে আলোচিত হয়েছে- বিদআতের পরিচয়, প্রকরণ, পর্যায়, বিদআত নিন্দনীয় হওয়ার কারণ, বিদআত প্রচলনের অনুষঙ্গ, বিদআত চেনার মানদ-, বিদআতীদের বৈশিষ্ট্য ও তাদের চেনার উপায়, বিদআতিদের পরিণতি ও শাস্তি ইত্যাদি।

২য় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ৫৯২, ৭০ গ্রাম অফসেট কাগজে মুদ্রিত এবং চার কালারের প্রচ্ছদ ও বোর্ডবাধাই গ্রন্থটির মুদ্রিত মূল্য ৬০০ টাকা। ২য় খণ্ডে মূলত আকীদা-বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিদআত নিয়ে আলোচনা করা হয়েছে। এগারটি অধ্যায়ে বিভক্ত এ খণ্ডে জ্ঞানের উৎস, আল্লাহ তা‘আলার যাত ও তাওহীদ, রিসালাত তথা রাসূলুল্লাহ স. ও অন্যান্য নবী-রাসূল, কুর‘আন ও অন্যান্য কিতাব, ফেরেশতাগণ, পরকাল, তাকদীর, ইসলাম ও অন্যান্য ধর্ম, সাহাবা কিরাম রা. সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা ও সংশ্লিষ্ট বিদআত তুলে ধরা হয়েছে।

দৃষ্টিনন্দন প্রচ্ছদ, অফসেট পেপার ও ঝকঝকে ছাপায় প্রকাশিত বিদআত সিরিজের এ খণ্ড দুটি জাতিধর্ম নির্বিশেষে সকল জ্ঞানপিপাসু পাঠক বিশেষ করে প্রত্যেক শিক্ষিত মুসলিম ব্যক্তির পড়া প্রয়োজন। তাছাড়া ইসলামী গবেষক, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, উৎসাহী পাঠকসহ সকলের সংগ্রহে রাখার মত।

আগের সংবাদইরানের গোপন অস্ত্র
পরবর্তি সংবাদমারকাজুল ফিকরি ওয়াল বুহুসিল ইসলামিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত