
আন্তর্জাতিক ডেস্ক:
ইসলাম-মুসলমানদের আক্রমণ করা ম্যাঁক্রোর নীতি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। মঙ্গলবার তুর্কির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
পশ্চিমা বিশ্বের ইসলাম ফোবিয়া নীতির সমালোচনা করে এরদোগান বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা তাদের সম্প্রদায়কে বর্ণবাদ ও সন্ত্রাসবাদের মতো বিপদের হাত থেকে রক্ষা করতে হবে;এগুলো এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যা ইসলামি বিশ্বকে ভেতর থেকে পতনের দিকে নিয়ে যেতে পারে।
এরদোগান বলেন, বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে এক হাজার মুসলমান সন্ত্রাস অথবা সহিংসতার শিকার হয়। অজ্ঞতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মুসলমানরা সন্ত্রাস, ক্ষুধা এবং বৈষম্যের মতো এমন অনেক জটিল সমস্যার মুখোমুখি হচ্ছে।
সবশেষ ইসলাম ফোবিয়ার উদাহরণ হিসেবে তিনি ফ্রান্স, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কথা তুলে ধরে বলেন, বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো ইসলাম ও মুসলমানদের আক্রমণ করছে।
