ঈগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা

ফাতেহ ডেস্ক

মেয়াদহীন পণ্য ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করায় আবুল মোমেন গ্রুপের ঈগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অস্বাস্থ্যকর পরিবেশ ও আইসক্রিম উৎপাদনে ব্যবহার করা পণ্যের মেয়াদ না থাকায় এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক।

তিনি জানান, জরিমানা করার পাশাপাশি এই আইসক্রিম নির্মাতা প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কারখানার পরিবেশ ও পণ্যের মান নিশ্চিত না হলে কঠোর শাস্তিরও ঘোষণা দেন চেয়ারম্যান মাহফুজুল হক। এর আগে বেলা সাড়ে বারোটার দিকে রাজধানীর শ্যামপুরের ঈগলু আইসক্রিমের কারখানায় অভিযানে যায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে এই কারখানার দুধ, দই, আইসক্রিমসহ অন্যান্য শিশুখাদ্যের উৎপাদন প্রক্রিয়া ও কী কী উপাদান ব্যবহৃত হচ্ছে তা পরীক্ষা করা হয়।

এসময় কারখানায় মেয়াদোত্তীর্ণ খাদ্য উপাদানের সন্ধান পাওয়া যায়। এর আগে, গেলো সপ্তাহে বাজারের ৯৬ টি দুধ ও দুগ্ধজাত পণ্যের মধ্যে ৯৩টিতে ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ও সীসার উপস্থিতি পাওয়া যায়। এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে।

আগের সংবাদঅভিভাবক শূন্য বিএনপির নেতাকর্মীরা
পরবর্তি সংবাদআহমাদ ইয়াসিন : ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অপরাজিত সিপাহসালার