আন্তর্জাতিক ডেস্ক :
এই প্রথম চীনের জিংজিয়াংয়ে উইঘুরদের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হংকং বিক্ষোভকারীরা। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, রোববার হংকংয়ের কেন্দ্রে উইঘুরদের সমর্থনে ও চীনের প্রতি নিন্দা জানিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করেন কয়েক হাজার বিক্ষোভকারী। এসময় ‘ভুয়া স্বায়ত্তশাসনের ফলে উইঘুর গণহত্যা ঘটছে’ বলে স্লোগান দেন তারা। কিন্তু শান্তিপূর্ণ এই বিক্ষোভও ছত্রভঙ্গ করার চেষ্টা করে দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের চোখে-মুখে মরিচের গুঁড়া স্ক্রে করে দেয় তারা। তাদেরকে লাঠিপেটাও করে। আটকও করেছে বেশ কয়েকজনকে।
উল্লেখ্য, চীনের পশ্চিমাঞ্চলীয় জিংজিয়াং প্রদেশে কমপক্ষে ১০ লাখ উইঘুর বন্দিশিবিরে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০ লাখ মানুষকে ‘রাজনৈতিক ও রাজনৈতিক পুনর্বিবেচনার শিবিরে’ অবস্থান করতে বাধ্য করা হয়েছে। চীন সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু সম্প্রতি চীনের ফাঁস হয়ে যাওয়া কিছু সরকারি নথিতে উঠে এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের দলিল। শুধু নৃতাত্ত্বিক উইঘুর সম্প্রদায়ের মুসলমানরাই নয়; বরং একই অবস্থা অঞ্চলটির অন্য মুসলিমদেরও।
