আন্তর্জাতিক ডেস্ক :
জার্মান সামরিক বাহিনীতে চীনা সৈনিকদের প্রশিক্ষণ না দেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ খবর ডয়েচে ভেলে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষে মাটিয়াস জন বিল্ড আম সনটাগ পত্রিকাকে জানান, ‘চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সাহায্য করার পেছনে জার্মানির কোনো কারণই থাকতে পারে না৷’
চীনের মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, ‘জার্মান সরকারের অবিলম্বে চীনকে কড়া বার্তা দেওয়া উচিত ও সব ধরনের সামরিক সাহায্য থেকে বিরত থাকা উচিত৷’
চীনা সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে জার্মানির গ্রিন পার্টি ও বেশ কিছু মানবাধিকার কর্মীও সরব হয়েছে৷ গ্রিন পার্টির মুখপাত্র মার্গারেট বাওজে ও টোবিয়াস লিন্ডনার বলেন, ‘চীনে মানবাধিকারের অবস্থা খুব খারাপ৷ শিনজিয়াং প্রদেশে গণহারে মানুষের ওপর নজরদারি করা হচ্ছে৷ ওখানে যা ঘটছে তা গণহত্যার সমান, এটা মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ৷’
উল্লেখ্য, শনিবার নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বেশ কিছু গুরুত্বপূর্ণ গোপন চীনা নথির কথা তুলে ধরে৷ সেই নথিগুলির বেশিরভাগই শিনজিয়াং প্রদেশের বিভিন্ন ক্যাম্পে বন্দি উইগুর গোষ্ঠীর ওপর ঘটা অত্যাচারের কাহিনি৷ প্রায় ৪০০ পাতা দীর্ঘ এই নথি সামনে আসার পর থেকে বর্তমানে নতুন করে আলোচনায় চীনের অবিরত মানবাধিকার লঙ্ঘন৷
এমন প্রেক্ষাপটে জার্মানির চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বদলে এই বিষয়ে কড়া বার্তা দেবার দাবি তুলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জার্মানির রাজনৈতিক দলগুলি৷
