উখিয়া ও বান্দরবানের শরণার্থী শিবির পরিদর্শন করেছে আইসিসির প্রতিনিধি দল

ফাতেহ ডেস্ক

কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কোনারপাড়া নো-ম্যানস ল্যান্ডে শরণার্থী শিবির পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ডেপুটি প্রসিকিউটর জেসম স্টুয়ার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার (২০ জুলাই) দুপুরে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। তবে, কোনো রোহিঙ্গা নেতা বা প্রতিনিধির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেনি এ দলটি।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন বলেন, আইসিসি প্রতিনিধিরা উখিয়া ময়নারঘোনা ১৭ নম্বর ক্যাম্পসহ আশপাশের কয়েকটি জায়গা গাড়িতে ঘুরে দেখেছেন। এসময় তারা রোহিঙ্গাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি, বৈঠকও করেননি। এরপর, তারা বান্দরবানের ঘুমধুম কোনারপাড়ার নো-ম্যানসল্যান্ডের শরণার্থী শিবির পরিদর্শনে যান। সেখান থেকে আবার কক্সবাজার ফিরে আসেন।

উখিয়ার ক্যাম্প-১৭’র ইনচার্জ মো. ওবায়দুল্লাহ জানান, আমাদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি, শুধুই সৌজন্যতা। রোহিঙ্গাদের সঙ্গেও তারা কথা বলেননি। মনে হয়েছে, শুধু ক্যাম্প পরিদর্শনের জন্যই তারা এখানে এসেছেন।

জানা গেছে, আইসিসির এ প্রতিনিধি দলটি শুক্রবার (১৯ জুলাই) বিকেলে কক্সবাজারে পৌঁছালেও তারা কতদিন থাকবেন, কোথায় কোথায় সফর করবেন, এ বিষয়ে অন্ধকারেই রাখা হয়েছে গণমাধ্যমকর্মীদের। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ, ইন্টার সেক্টর কো অর্ডিনেশন গ্রুপসহ (আইএসসিজি) সরকারি-বেসরকারি কোনো সংস্থার পক্ষ থেকেও বিস্তারিত জানানো হয়নি।

আগের সংবাদঈদে নৌপথে নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ১০ দফা সুপারিশ
পরবর্তি সংবাদপ্রিয়া সাহার বক্তব্যের ব্যাখ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতা