‘এইচএসসি-সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই’

ফাতেহ ডেস্ক:

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর দাবির যৌক্তিকতা নেই মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি ) বিষয়ের পরীক্ষা ৭৫ নম্বরে হবে। এর মধ্যে লিখিত ৫০ নম্বর (২০ এমসিকিউ, ৩০ লিখিত) আর ব্যবহারিক ২৫। এ ছাড়া অন্য সব বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোচিং সেন্টার বন্ধের বিষয়ে দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাস ও ডিজিটাল জালিয়াতি রোধে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এদিকে ডেঙ্গু রোগের প্রকোপের কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরীক্ষা পেছানোর পাশাপাশি তাদের দাবি ৫০ নম্বরে পরীক্ষা নেয়া হোক। এ দাবিতে গতকাল সোমবার (৭ আগস্ট) রাজধানীতে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা আজ মঙ্গলবারও একই দাবিতে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা।

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগের সংবাদডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৪২
পরবর্তি সংবাদতোশাখানা মামলার রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইমরান খান