
ফাতেহ ডেস্ক:
গত ১ নভেম্বর থেকে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের ওমরাহ পালনের জন্য পবিত্র কাবাঘর উন্মুক্ত করেছে। মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ওমরাহ কার্যক্রম শুরু করেছে। কিন্তু বাংলাদেশ ওমরাহ পালনের এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ থেকে শিগগির ওমরাহর প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে চিঠি দিয়েছে ওমরাহ ও হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে আমরা সরকারিভাবে এখনো কোনো নির্দেশনা পাইনি। তবে, এ বিষয়ে প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে শিগগির ওমরাহ কার্যক্রম শুরুর জন্য সৌদির ওমরাহ এজেন্সিগুলো প্রক্রিয়া চালু করার তাগিদ দিচ্ছে। এ জন্য ওমরাহ লাইসেন্সের বৈধতা তালিকা প্রকাশ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।
হাবের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেন, আশা করছি আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী যাওয়া শুরু হতে পারে। এ জন্য হজের পর নতুন বছর শুরু হওয়ায় ওমরাহ লাইসেন্স নবায়নসহ আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে। সে ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে।
