
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা একমাস বাড়িয়ে দিয়েছে। এর অর্থ স্বীকৃত নাগরিক তালিকা প্রকাশিত হবে ৩১ জুলাইয়ের বদলে ৩১ আগস্টে। আসামের ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এনআরসির রাজ্য কো অর্ডিনেটর প্রতীক হাজেলার এনআরসি প্রকাশের সময়সীমা বৃদ্ধির আবেদনে এ সময়সীমা বাড়ানো হলো।
সুপ্রিম কোর্টের নির্দেশানুয়ায়ী আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের ডেডলাইন চলতি মাসের ৩১ তারিখ। তার আগে এনআরসি তালিকা থেকে বাদ পড়ার জেলাভিত্তিক হিসাব প্রকাশ্যে আনল আসাম সরকার। ওই তালিকা থেকে জানা গেছে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে বাদ পড়াদের হার কম। সে তুলনায় অন্য জেলাগুলোতে বাদ পড়াদের হার বেশি। খবর ইন্ডিয়ান একপ্রেস বাংলা।
উল্লেখ্য, প্রতিটি জেলায় এনআরসি তালিকা থেকে বাদ পড়াদের হার মুখবন্ধ খামে জমা দিতে গত বছরের ১৬ আগস্ট জাতীয় নাগরিকপঞ্জীর কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
বিধানসভায় জিরো আওয়ার নোটিসের প্রেক্ষিতে জবাব দিতে গিয়ে এদিন সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারি লিখিত বিবৃতিতে জানান, ‘তথ্য অনুযায়ী, চূড়ান্ত খসড়া তালিকা থেকে ১২.১৫ শতাংশ আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে যেমন, দক্ষিণ সালমারায় ৭.২২ শতাংশ আবেদনকারীর নাম এনআরসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ধুবড়িতে এই সংখ্যা ৮.২৬ শতাংশ, করিমগঞ্জে এই হার ৭.৬৭ শতাংশ। কিন্তু করবি আংলংয়ের মতো জেলায় এই হার ১৪.৩১ শতাংশ, তিনসুকিয়ায় এই হার ১৩.২৫ শতাংশ।’
এই তথ্যাদি তুলে ধরেই সরকারের তরফে দাবি করা হয় যে, এনআরসিতে অন্তর্ভুক্তি ও বাদ পড়ার তালিকার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। আর সে কারণেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে ২০ শতাংশ নাগরিকের তথ্যপঞ্জি খতিয়ে দেখার দাবি জানিয়েছে সরকার। পাশাপাশি অন্যান্য জেলায় ১০ শতাংশ নাগরিকের তথ্যপঞ্জি খতিয়ে দেখার দাবি তোলা হয়েছে। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
এনআরসি থেকে বাদ পড়াদের হার কোন জেলায় কত
অসমের হোজাই জেলায় বাদ পড়াদের হার সবথেকে বেশি। সেখানে এই হার ৩২.৯৯ শতাংশ। দরং জেলায় এই হার ৩০.৯ শতাংশ। নগাঁও জেলায় বাদ পড়াদের হার ১৪.১২ শতাংশ। অন্যান্য মুসলিম অধ্যুষিত জেলা যেমন, মরিগাঁও জেলায় বাদ পড়াদের হার ১৫.০৪ শতাংশ। বরপেটায় এই হার ১৩.৪ শতাংশ। মাজুলিতে এনআরসি থেকে বাদ পড়াদের হার সবচেয়ে কম। সেখানে এই হার ১.৬২ শতাংশ। চারাইদেওতে এই হার ২.৮৮ শতাংশ।
