আন্তর্জাতিক ডেস্ক :
কলকাতার পার্ক সার্কাসে এবং নয়া দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধন বিল (সিএএ), নাগরিকপঞ্জি (এনআরসি) এবং প্রস্তাবিত এনপিআর বিরোধী বিক্ষোভকারীদের ‘বাংলাদেশি মুসলিম’ বলে আখ্যায়িত করেছেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহা।
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর জেলায় সিএএ’র সমর্থনে এক র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ওই র্যালিতে রাহুল সিনহা বলেন, পার্ক সার্কাস ও শাহিনবাগে যারা অবস্থান নিয়েছিলেন তারা বাংলাদেশী মুসলিম। এসব মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং উন্নত জীবনযাপন করছে।
রাহুল সিনহার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনিও পার্ক সার্কাসের বিক্ষোভ চলাকালে তাতে সংহতি প্রকাশ করেছিলেন। রাহুল সিনহার বক্তব্যের পর তিনি বলেছেন, যারাই বিজেপির বিরুদ্ধে যাবে তাদেরকেই তারা দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করে। তাই পার্ক সার্কাসে যেহেতু গিয়েছিলাম আমি, তাই আমার নামও তাদের দেশবিরোধী নামকরণের তালিকায় উঠার কথা।
রাহুল সিনহার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে কেউ কথা বললেই সে ভারত বিরোধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে ভাগ করছেন। যারা সংবিধানকে অক্ষুন্ন রাখার জন্য প্রতিবাদে অংশ নিচ্ছেন তারা এ কাজ করছেন না।
