
ফাতেহ ডেস্ক
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস এবার আফগানিস্তানে হানা দিয়েছে। সোমবার দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত হয়েছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।
আফগান স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ বলেন, হেরাত প্রদেশে এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, করোনা সংক্রমণ ঠেকাতে নাগরিকদের দেশের পশ্চিম প্রান্তে ইরানের পার্শ্ববর্তী এলাকাগুলোতে যেতে বারণ করা হচ্ছে। কারণ ওই এলাকাগুলোতে গেলে ভাইরাসে সংক্রমণ হওয়ার সুযোগ আছে।
ডেইলি সাবাহ জানায়, ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানে যে ব্যক্তির ভাইরাস শনাক্ত হয়েছে, তিনি সীমান্ত অতিক্রম করে ইরানের কুয়োম শহরে গিয়েছিলেন। এ জন্যই আফগান স্বাস্থ্যমন্ত্রী ওইসব অঞ্চলে দেশটির নাগরিকদের যেতে নিরুৎসাহিত করেছেন।
এদিকে, করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬১৯ জনে। ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ৩৩টি দেশে শনাক্ত হয়েছে। চীন ও অন্যান্য দেশে মোট আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৫৬১ জন।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানে। এ ছাড়া দ. কোরিয়ায় সাতজন, হংকংয়ে তিনজন, ইতালিতে তিনজন, জাপানে ছয়জন, তাইওয়ান, ফ্রান্স ও ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে।
-এ
