ফাতেহ ডেস্ক:
ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত।
আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে রোববার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ব্যাপারে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে- বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।
‘এ উপলক্ষে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’
সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের রুহের মাগফেরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শুক্রবার ওমানের দীর্ঘ কয়েক দশকের শাসক কাবুস বিন সাইদ আল সাইদ ইন্তেকাল করেন।
আরবের ইতিহাসে কাবুস সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। তিনি কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১৯৭০ সালে ক্ষমতায় আসার পর স্বল্প সম্পদ নিয়ে বিচ্ছিন্ন ওমানকে রীতিমতো আধুনিক রাষ্ট্রে রূপান্তর করেন। কিন্তু তার দীর্ঘ অসুস্থতা সব স্বপ্ন পূরণ করতে দেয়নি।
