
আন্তর্জাতিক ডেস্ক:
আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনাতে অবস্থিত একটি মরুময় দেশ ওমান।যেখানে সুউচ্চ পর্বতমালার ঠিক পাশেই রয়েছে উজ্জ্বল শুভ্র বালুর সমুদ্র সৈকত। এখানে সংখ্যালঘু মুসলমান গোত্র ইবাদি জাতির লোকেরা বাস করে। বহু শতাব্দী ধরে ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র হিসেবেই সারা বিশ্বে পরিচিত। বাণিজ্যিক সূত্রেই পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে নানা ধর্মের মানুষের বসবাস এই ওমানে।
সম্প্রতি ওমান সরকার কতৃক গৃহীত কিছু প্রশংসনীয় ধর্মীয় কাজের তৎপরতায় অসংখ্য অমুসলমান নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণের খবর উঠে এসেছে বিশ্ব মিডিয়ায়। শুধুমাত্র ২০১৮ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্তই ওমানে বসবাসরত বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার প্রবাসী নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওমানের ওয়াফক ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ‘টাইমস অব ওমান’কে দেয়া এক বিবৃতিতে জানান, ‘জানুয়ারির শুরু থেকে ৩০ মে পর্যন্ত, প্রায় ৩ হাজার মানুষ অন্যান্য ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। নতুন ধর্মান্তরিত নাগরিকদের বেশিরভাগই ইউরোপীয় আর তার পরেই রয়েছে ভারতীয় উপমহাদেশের নাগরিকরা।’
গত ২৫ মে শুক্রবার ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত একটি অনুষ্ঠানে ২৬ জন নারী এক সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অনুষ্ঠানটিতে অমুসলিমদের ইসলাম ধর্ম সম্পর্কে জানা ও শেখার সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে এই ধর্মের কিছু বিষয়ে কারো কোন সন্দেহ থাকলে তা দূর করা হয়।‘দ্য কোরআন স্পিকস টু ইউ’ বা ‘কোরআন আপনাকে বলে’ শিরোনামের এই অনুষ্ঠানে ধর্মান্তরিত হওয়া দু’জন ব্যক্তি তাদের ইসলাম ধর্মগ্রহণের কারণগুলো নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করেন এবং যারা ধর্মান্তরিত হওয়ার কথা চিন্তা করছেন, তাদেরকে চমৎকার কিছু পরামর্শ দেন। এই ইভেন্টে ৮০০০ জনেরও বেশি নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। অমুসলিমরা যাতে ইসলাম সম্পর্কে আরো ভালভাবে জানতে ও বুঝতে পারেন, সেজন্য এই ইভেন্টে সরাসরি প্রার্থনা এবং ইফতারও অন্তর্ভুক্ত করা হয়েছিল।
গত বছরের পবিত্র রমজান মাসেও বিভিন্ন দেশের ৭২ জন প্রবাসী নাগরিক ইসলাম গ্রহণ করেছিলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘অনুষ্ঠানে আগত অনেকেই ইসলাম সম্পর্কে তাদের পূর্ববর্তী ধারণার কথা আমাদের বলেন। তাদের বেশিরভাগ থেকে যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে বিশ্ব মিডিয়ার নানাবিধ প্ররোচনায় অনেকেই মনে করতেন যে ইসলাম অত্যন্ত কঠোর এবং উগ্র। কিন্তু বাস্তবতায় ইসলামে একে অপরের প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি গুরুত্বের সাথে বিবৃত হয়েছে তা দেখে সবাই অবাক হন এবং মুগ্ধচিত্তে ইসলাম গ্রহণে ধন্য হন।’
