
ফাতেহ ডেস্ক :
এবার দেশের সব কওমি মাদরাসায় পাঠ্যভুক্ত হতে পারে মুক্তিযুদ্ধের ইতিহাস। ইংরেজি মাধ্যমে চালু হওয়া ‘বাংলাদেশ ও গ্লোবাল স্টাজিজ’র আদলে কওমি শিক্ষার্থীদের জন্যও কোর্স চালু করা হবে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার পাশাপাশি ইংরেজি মাধ্যমের সঙ্গে কওমি মাদ্রাসার অভিন্ন কোর্স তৈরি করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়েছে, কওমি শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, নীতিবোধ ও সর্বজনীন মানবাধিকার স্বচ্ছ করতে মন্ত্রণালয় গত সেপ্টেম্বরে মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী একটি অভিন্ন কোর্স করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ানো হবে। কওমি মাদ্রাসা তাদের নিজস্ব কারিকুলামে চলে। সরকারের কোনও সুযোগ-সুবিধা নেয় না। কিন্তু দেশের নাগরিক হিসেবে কওমি শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। সে কারণেই সরকার এই উদ্যোগ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, নীতিবোধ ও সর্বজনীন মানবাধিকার স্বচ্ছ করতে অভিন্ন একটি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ইংরেজি মাধ্যমে ‘বাংলাদেশ ও গ্লোবাল স্টাজিজ’ পড়ানো হচ্ছে। এনসিটিবি কোর্সটি তৈরি করবে। এ বিষয়ে মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে।’
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘অভিন্ন একটি কোর্স চালুর করতে সরকার উদ্যোগ নিয়েছে আগেই। একটি সেমিনারও করা হয়েছে। শিক্ষাবিদরা অভিমতও দিয়েছেন। সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা কোর্স তৈরি নিয়ে কাজ শুরু করবো।’
তবে এমন কোনো আভাস পাননি বলে জানিয়েছেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া’র সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। তিনি বলেন, ‘আমাদের সাম্প্রতিক বৈঠকে এ বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। আমার জানামতে, কওমি মাদ্রাসার সিলেবাসে মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠ-প্ররিক্রমা অন্তর্ভুক্তির ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও চিঠিও আসেনি।’
