কন্যা সন্তানের বাবা হবার ৭ মিনিটের মাথায় ইমাম পিতার হৃদয়বিদারক ইন্তেকাল

খতিব মাওলানা নুরউদ্দিন ও তার সদ্য ভুমিষ্ট কন্যাসন্তান

ফাতেহ ডেস্ক

প্রবাসী ইমাম ও খতিব তিনি। চারমাস আগে শরীরে ক্যান্সার ধরা পড়েছিল, চার মাস পর তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তার মাত্র সাত মিনিট আগে তাঁর ঔরসজাত এক ফুটফুটে শিশুসন্তান পৃথিবীতে আলোর মুখ দেখেছে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ইতালির ভেনিস মেসত্রে পলিক্লিনিক হাসপাতালে।

জানা গেছে, চার মাস আগে খতিব মাওলানা নুরউদ্দিনের (৪১) ক্যান্সার ধরা পড়ে। এর পর দীর্ঘ চার মাস চিকিৎসাধীন থেকে অবশেষে ৭ অক্টোবর সোমবার স্থানীয় সময় দুপুরে তিনি মারা যান। কিন্তু তাঁর মৃত্যুর মাত্র সাত মিনিট আগে তার স্ত্রীর কোল আলোকিত করে তাঁরই ঔরসজাত একটি কন্যাসন্তান পৃথিবীতে আগমন করে। ভাগ্যের নির্মম পরিহাস, একই সময় শিশুর পৃথিবীতে আগমন আর বাবার চিরবিদায়।

এই হৃদয়বিদারক বেদনাদায়ক ঘটনায় ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল জানান, তিনি দীর্ঘদিন ধরে ভেনিসে পরিবার নিয়ে বসবাস করছেন। ভাগ্য এমন যে, মাত্র মিনিটের জন্য একই হাসপাতালে পাশাপাশি রুমে থেকেও সদ্য ভূমিষ্ঠ সন্তানকে এক নজর দেখার সৌভাগ্য হলো না তার। ঘটনাটি আমাদের দারুণ কষ্ট দেয়।

নুরউদ্দিনের দেশের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর থানায় বলে জানা গেছে। তিনি ভেনিস সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ছিলেন।

আগামী ১৩ অক্টোবর মেসত্রে পুরান মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নুরউদ্দিনের স্বজনরা।

আগের সংবাদকাশ্মীরে গ্রেনেড হামলা
পরবর্তি সংবাদএনা পরিবহনের চলন্ত বাসে সুপারভাইজার কর্তৃক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা