কভিড-১৯ বা করোনাকে এখন মহামারি বলা যায়: ডাব্লিউএইচও

ফাতেহ ডেস্ক

কভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বুধবার রাতে জেনেভায় এ ঘোষণা দেন ডাব্লিউএইচওর পরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।

গত কয়েক সপ্তাহের পরিস্থিতি বিবেচনায় একে বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। তবে দেশগুলো রোগী শনাক্ত, পরীক্ষা, চিকিৎসা ও আইসোলেশন করতে পারলে এ অবস্থার পরিবর্তন সম্ভব বলেও জানান ডাব্লিউএইচওর পরিচালক ।

পরিস্থিতির উপর নজর রাখার কথা জানিয়ে তিনি বলেন, কভিড-১৯ যেভাবে, যেহারে ছড়াচ্ছে, তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন।

সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না দেখে উদ্বেগ প্রকাশ করে তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, আমরা প্রতিদিনই দেশগুলোকে বলে আসছি, ব্যবস্থা নিন জরুরিভিত্তিতে, দ্রুত।

এর আগে, ২০০৯ সালে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাবে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছিলো ডব্লিউএইচও। সে সময় মৃত্যু হয় কয়েক হাজার মানুষের।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী কভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রথম শনাক্ত হয়েছিল। তারপর থেকে বিশ্বজুড়ে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে একশ ১৪টি দেশে ছড়িয়ে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষকে আক্রান্ত এবং ৪ হাজার ২৯১ জনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস।

-এ

আগের সংবাদএবার পোল্যান্ডের সেনাপ্রধান করোনা আক্রান্ত
পরবর্তি সংবাদ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে প্রবেশের ভিসা স্থগিত