করোনাভাইরাস: চীন ফেরত শিক্ষার্থীদের অবস্থান আশকোনা হজ্ব ক্যাম্পে

করোনাভাইরাস: চীন ফেরত শিক্ষার্থীদের অবস্থান আশকোনা হজ্ব ক্যাম্পে

ফাতেহ ডেস্ক :

চীনের করোনাভাইরাস উপদ্রুত উহান শহর থেকে তিনশো’র বেশী বাংলাদেশিকে একটি বিশেষ বিমানে চড়িয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিমানটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।

কর্মকর্তারা জানাচ্ছেন, আগামী দু’সপ্তাহ বিমানবন্দর সংলগ্ন আশকোনার হজ্ব ক্যাম্পে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা-সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী।

আশকোনার হজ্ব ক্যাম্পে কোয়ারেন্টাইন চলাকালে এই বাংলাদেশিদের ব্যবস্থাপনার দায়িত্বে সেনাবাহিনী থাকবে বলে জানা যাচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, সেনাবাহিনী মূলত উহান থেকে ফেরত আসা এই বাংলাদেশিদের স্বাস্থ্যের দিকটি দেখবে। সেনাবাহিনীর চিকিৎসকেরা নিয়মিত এদের স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং কোয়ারেন্টাইন কর্মসূচী দেখভাল করবেন। এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাদেরকে চিকিৎসা দেয়ার জন্য তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

এগুলো হচ্ছে সমন্বিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি গতকালই উহানের উদ্দেশ্যে রওয়ানা হয় এবং রাতে সেখান থেকে বাংলাদেশীদের নিয়ে ফিরতি পথ ধরে।

গতকাল এই বিমানটি যাত্রা শুরুর আগে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক এক সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে মোট ৩৬১ জনকে উহান থেকে ফিরিয়ে আনা হচ্ছে।

এদের অধিকাংশই উহানে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। তবে এখন যতটা জানা যাচ্ছে, ফেরত আসাদের সংখ্যা ৩৬১ জনের কম হবে।

সঠিক সংখ্যাটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি কোন কর্মকর্তা।

আগের সংবাদনির্বাচনী সহিংসতায় দুর্বত্তদের হামলায় রক্তাক্ত সাংবাদিক
পরবর্তি সংবাদআরও ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, ট্রাম্পের টার্গেটে মুসলিমরা