
ফাতেহ ডেস্ক
করোনা বা কভিড বিস্তার রোধে ওমরাহ হজ ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব। এছাড়াও মক্কায় কাবা শরীফ ও মদিনায় অবস্থিত মসজিদে নববীও বিদেশিদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশ্বব্যাপী প্রাণঘাতী কভিডে এ পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার আটশর বেশি। চীন ছাড়াও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। মধ্যপ্রাচ্যেও দ্রুত বাড়ছে কভিড আক্রান্তের সংখ্যা।
এমন পরিস্থিতিতে এ ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিদেশিদের জন্য ওমরাহ ও মসজিদে নববী ভ্রমণসহ সৌদি আরবে প্রবেশ সাময়িক স্থগিত করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এছাড়াও কভিড সংক্রমিত সব দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ সাময়িক নিষিদ্ধ করেছে রিয়াদ। সৌদি আরব ভ্রমণের আগে কোনো দেশ ভ্রমণ করলে সেই তথ্যও সংগ্রহ করবে সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এছাড়াও উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত সৌদি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আসা-যাওয়াও স্থগিত করা হয়েছে। তবে আগে থেকে যাদের কাছে পরিচয়পত্র আছে তারা চাইলে দেশে ফিরতে পারবে। উপসাগরীয় দেশের নাগরিকরাও সৌদি আরব ছাড়তে পারবে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের সঙ্গে সঙ্গতি রেখেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে এটা সাময়িক পদক্ষেপ বলে জানিয়ে রিয়াদ বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে।
প্রতি বছর ওমরাহ করতে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যায় প্রায় ৭০ লাখ মানুষ। তাদের বেশির ভাগই অবস্থান করেন জেদ্দা ও মদিনায়।
-এ
