
ফাতেহ ডেস্ক
মানবদেহে প্রথমবারের মতো কভিড-১৯ বা করোনা এর ভ্যাকসিনের প্রয়োগ আজ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে সোমবার পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেয়া হতে পারে। ভ্যাকসিনের পরীক্ষা সফল হলে কভিডে আক্রান্তদের শরীরে তা প্রয়োগ করা হবে।
তবে কভিড রোগীদের শরীরে প্রয়োগের জন্য কার্যকর ভ্যাকসিন প্রস্তুত করতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে বলে ওষুধ শিল্পের সঙ্গে জড়িতরা জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানায়, স্বেচ্ছাসেবীদের শরীরে পরীক্ষা চালানোর জন্য এই ভ্যাকসিন প্রস্তুতে কাজ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট এবং বায়োটেকনলজি কোম্পানি- মোডেরনা। প্রচলিত ভ্যাকসিন তৈরির ধারা থেকে বের হয়ে কভিডের ভ্যাকসিন তৈরির কাজ করছে প্রতিষ্ঠান দুটি। ইতোমধ্যে মানুষের বাইরে অন্য প্রাণীদেহে এর সফল পরীক্ষাও চালানো হয়েছে।
এরপর সিদ্ধান্ত হয়, ভ্যাকসিনটির ক্লিনিক্যাল পরীক্ষা চালানোর। এ জন্য সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ জন স্বেচ্ছাসেবী নির্বাচন করা হয়। তাদের শরীরে নতুন প্রজন্মের এই ‘জেনেটিক হ্যাক’ ভ্যাকসিন পরীক্ষা করা হবে।
এ পর্যন্ত কোনো দেশ কভিডের ভ্যাকসিন তৈরি করতে পারেনি। তবে, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এ জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
-এ
