করোনা: মাদারীপুরে ২৯ জনকে আলাদা থাকার নির্দেশ

ফাতেহ ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনের মধ্যে একজন মাদারীপুরের বাসিন্দা। তার সাথে যেসব মানুষের যোগাযোগ হয়েছিল এমন ২৯ জনকে নিজ দায়িত্বে আলাদা থাকার নির্দেশ দিয়েছে আইইসিডিআর।

মাদারীপুর সদরের ওই এলাকা পরিদর্শণ করে এই পরামর্শ দেন আইইসিডিআর’এর কর্মকর্তারা। এতে আতঙ্কিত হবার কিছুই নেই বলেও জানান তারা।

এ ব্যাপারে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে একশ’ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রেখেছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে এই করোনা রোগে আক্রান্ত হয়ে এক ইতালী প্রবাসী সম্প্রতি মাদারীপুরের নিজ গ্রামের বাড়িতে আসেন। এরপর করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তিনি মোবাইল করে আইইসিডিআরকে এসব তথ্য জানান। পরে তাকে দ্রুত ঢাকায় আইসোলেশনে রাখা হয়। পরবর্তীতে মাদারীপুর জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়ে আক্রান্ত ব্যক্তি এলাকা পরিদর্শনে আসেন আইইসিডিআর’এর কর্মকর্তারা। এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সাথে যোগাযোগ কিংবা চলাফেরা হয়েছে এমন ২৯ জনকে শনাক্ত করেন তারা।

পরবর্তীতে এই ২৯ জনকে ঘরের বাইরে না যাবার পরামর্শ দেন। পাশাপাশি এই রোগের উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক হেল্প লাইনে কল করতে অনুরোধ করেন আইইসিডিআর’এর কর্মকর্তারা।

-এ

আগের সংবাদশিক্ষাসফরে গিয়ে শিক্ষিকার হাত বিচ্ছিন্ন, আহত ১৫ শিক্ষার্থী
পরবর্তি সংবাদদাওরায়ে হাদীস পরীক্ষার রুটিন প্রকাশ