কাতারি হাজিদের জন্য সৌদির নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

কাতারি হাজিদের নতুন নিয়মের আওতায় আনছে সৌদি আরব। এখন থেকে কাতারের নাগরিকদের ‘ইলেকট্রনিক গেটস’ নামের এক ধরনের পদ্ধতির মাধ্যমে হজের নিবন্ধন করতে হবে। শুধুমাত্র নিবন্ধিত হজযাত্রীরাই জেদ্দার শাহ আব্দুল আজিজ বিমানবন্দর ও মদীনার মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন আল আরাবিয়্যাহকে বলেন, কাতার থেকে যারা হজে আসতে চান তাদের স্বাগত জানাচ্ছি। তবে আগামী কিছুদিনের মধ্যে নতুন নিয়ম চালু করার ঘোষণা দেয়া হবে।

এদিকে নতুন এ উদ্যোগে কাতারের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ করেছেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন। তিনি বলেন, এর আগেও এ ধরনের ওয়েবসাইটের মাধ্যমে এই পদ্ধতি চালু করার চেষ্টা করলেও দোহা কর্তৃপক্ষ সেই ওয়েবসাইট নিষিদ্ধ করেছে। নাগরিকদের হজের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেশটির সরকার বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি করছে ।

উল্লেখ্য, বছর দুয়েক আগে গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় ছোট্ট দেশটির বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ আরোপ করে সৌদি আরব। দোহার বিরুদ্ধে রিয়াদের অভিযোগ, সন্ত্রাসবাদে অর্থায়ন ও মধ্যপ্রাচ্যজুড়ে মুসলিম ব্রাদারহুডকে সহায়তার মাধ্যমে সৌদি আরবের প্রভাব ক্ষুণ্ণ করতে চাচ্ছে কাতার। দু’দেশের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হয়। হজ ও ওমরাহর উদ্দেশে আগত কাতারি নাগরিকদের নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব।

আরএইচ/

আগের সংবাদবঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশে আসছেন মাহাথির মোহাম্মদ
পরবর্তি সংবাদতুর্কি হজযাত্রীদের সেবায় ৪ হাজার কর্মী নিয়োগ দেবে তুরস্ক