কাদিয়ানি-বিরোধী আন্দোলন: যা বলছেন আহলে হাদিস আলেমরা

কাদিয়ানি-বিরোধী আন্দোলন: যা বলছেন আহলে হাদিস আলেমরা

মুসান্না মেহবুব:

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আহলে হাদিস ঘরানার আলেমরা এর প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করেছেন। আহলে হাদিস ঘরানার একাধিক আলেমের সঙ্গে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে ফাতেহ টুয়েন্টি ফোর।

আরও পড়ুন : কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে বৃহত্তর আন্দোলনে নামছেন আলেমরা

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কওমি আলেমদের তৎপরতাকে প্রশংসনীয় উল্লেখ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাইখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, কাদিয়ানিরা যে অমুসলিম, এ ব্যাপারে দলমত নির্বিশেষে সকল ওলামায়ে কেরাম একমত। কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখনও তারা মুসলিম হিসেবে স্বীকৃত, এটা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রীয়ভাবেও তাঁদেরকে যাতে অমুসলিম ঘোষণা করা হয়, দেশের ওলামায়ে কেরাম বহুদিন ধরে এ দাবি জানিয়ে আসছেন। এ ক্ষেত্রে কওমি আলেমরা মাঠে-ময়দানে এ দাবির পক্ষে অত্যন্ত জোরালো বক্তব্য রাখছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, আমরা যাঁরা কওমি ঘরানায় পড়াশোনা করিনি, আমাদেরও জোর দাবি সবসময় ছিল এবং এখনও আছে—কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ফাতেহ টুয়েন্টি ফোরকে আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না থাকার কারণে কাদিয়ানিরা এ দেশের সাধরণ মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে চলেছে। একশ্রেণির সুশীল আছেন, যারা কাদিয়ানিদের মুসলিম পরিচয় দিয়ে তাদেরকে নিপীড়িত উল্লেখ করে নানা ধরনের সাফাই গেয়ে থাকেন। ফলে অনেক ধুম্রজালের সৃষ্টি হয়। এই বিভ্রান্তি এবং ধুম্রজাল দূর করার জন্য হলেও কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা জরুরি।

এই ইস্যুতে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে ঘোষিত আন্দোলন সম্পর্কে জানতে চাইলে শাইখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া বলেন, আমরা যাঁরা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছি, আমরা সাধরণত সংঘাতপূর্ণ কোনো আন্দোলনের পক্ষপাতী নই। তবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে কওমি ওলামায়ে কেরাম যে তৎপরতা চালাচ্ছেন সেটার সঙ্গে আমাদের পূর্ণ ও আন্তরিক সমর্থন আছে। আমরা সকলেই চাই কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা যতটা শিগগির সম্ভব সরকারের তরফ থেকে আসুক।

এদিকে আহলে হাদিস ঘরানার অপর আলেম শাইখ মুখলিসুর রহমান বিন এরশাদ আল মাদানিও একই অভিমত ব্যক্ত করেছেন। তিনি ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমাদের সকলের। এ ক্ষেত্রে কওমি আহলে হাদিস ইত্যাদি ভাগে আমাদের বিভক্ত করার সুযোগ নেই। আমরা সকলেই এই দাবির প্রতি একমত। এবং এ দাবি আদায়ে আলেমদের যে অংশ যেভাবে শান্তিপূর্ণ পন্থায় তৎপরতা চালাবে আমরা সকলেই একে অপরের পাশে আছি।

তবে মূল দাবির সঙ্গে একমত পোষণ করলেও এ ক্ষেত্রে কিছুটা ভিন্ন বক্তব্য দিয়েছেন আহলে হাদিস ঘরানার অপর এক আলেম শাইখ আকরামুজ্জামান বিন আবদুস সালাম। তিনি ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, কাদিয়ানিরা কাফের। কোনো মুসলিম এ মতবাদ গ্রহণ করলে সে মুরতাদ হয়ে যাবে। ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। এ ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত। কিন্তু এখন যেহেতু ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত নেই, তাই তারা পার পেয়ে যাচ্ছে। যে শাসনব্যবস্থা এখন প্রতিষ্ঠিত আছে তারা এদেরকে অমুসলিম ঘোষণা করতে রাজি নয়। আর তারা রাজি না থাকলে আন্দোলন করেও কোনো ফল হবে বলে মনে হয় না। কারণ, যারা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী নয়, তাদের কাছ থেকে ইসলামি কোনো বিষয়ের দাবি আদায় আশা করা যায় না।

আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে ঘোষিত আন্দোলন সম্পর্কে আহলে হাদিস এ আলেম বলেন, কাদিয়ানিদের কাফের ঘোষণা করা হোক আমরাও চাই, তাই এ আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন স্বাভাবিকভাবেই থাকবে। কিন্তু দিনশেষে আন্দোলন কোনো ফল বয়ে আনবে বলে আমার মনে হয় না।

আগের সংবাদটানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় সিলেটে সাইকেল পুরস্কার পেল ১৫ কিশোর
পরবর্তি সংবাদকরোনাভাইরাসে আক্রান্ত শিশুর হৃদয়বিদারক দৃশ্য ভাইরাল (ভিডিও)