
ফাতেহ ডেস্ক :
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ স্লোগান সামনে রেখে বন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কারা-কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন কিছু সুবিধাদি তৈরি হচ্ছে বন্দীদের জন্য। এ সুবিধাদির আওতায় বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনের দেখা ও কথা বলার সুযোগ পাবেন। এ ছাড়া কারাবন্দিদের জন্য থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। থাকবে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা। এজন্য তৈরি হচ্ছে যথাযোগ্য বাসস্থান। সুখাদ্য, চিকিৎসা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। কারাবন্দিদের সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে মোটিভেশন এবং প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠক কার্যবিবরণী থেকে এসব তথ্য পাওয়া যায়।
বৈঠকে এ কে এম মোস্তফা কামাল পাশা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা, কারাগার হবে সংশোধনাগার। এ ভিশন সামনে রেখে কারা অধিদফতর কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, কারাগারে প্রশিক্ষণ প্রতিষ্ঠান তিনটি, ২০০ শয্যা হাসপাতাল একটি বিদ্যমান। নারী কারাবন্দিদের জন্য ৪৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ডে কেয়ার সেন্টার আটটি, মাদকাসক্তদের জন্য আলাদা ৫৯টি ইউনিট স্থাপন করা হয়েছে।
