
ফাতেহ ডেস্ক
জম্মু ও কাশ্মিরের জনগণের প্রতি ইসলামিক অর্গানাইজেশন কো-অপারেশন কাউন্সিল বা ওআইসি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রেখে যে রেজ্যুলেশন পাস করেছে তাকে প্রত্যাখ্যান করেছে ভারত। নয়া দিল্লি বলছে, এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার।
পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, সংযুক্ত আরব আমিরাতে সংস্থাটির ৪৬তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে শনিবার জম্মু ও কাশ্মিরের জনগণের প্রতি সমর্থন পুনঃনিশ্চিত করে ওই রেজ্যুলেশন পাস করেন ৫৭ দেশভুক্ত এই সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা।
সেইসঙ্গে কাশ্মিরে ভারতের সাম্প্রতিক ‘সন্ত্রাসী’ কার্যক্রমের ব্যাপারে গভীর উদ্বেগও প্রকাশ করা হয় সংস্থাটির পক্ষ থেকে।
আর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শনিবার বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মিরের ব্যাপারে রেজ্যুলেশনের (ওআইসির) প্রেক্ষিতে আমাদের অবস্থান হলো আগের মতোই, যেটা সবাই জানে। আমরা আবারো বলছি, জম্মু ও কাশ্মির ইস্যু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এবং যথাযথভাবে ভারতের নিজস্ব ব্যাপার।’
ওআইসির ওই রেজ্যুলেশনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হলো জম্মু ও কাশ্মির। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে দেশটির পাশবিকতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগও প্রকাশ করা রেজ্যুলেশনে।
এ ছাড়া জম্মু ও কাশ্মিরের সঙ্কট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন বাস্তবায়নের বাধ্যবাধকতা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও আকর্ষণ করা হয় এতে।
