কাশ্মীরের অনন্তনাগে ডিসি অফিসের সামনে গ্রেনেড হামলা, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক :

শনিবার (৫ অক্টোবর) সকালে ভারতের জবর দখলে থাকা দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসের সামনে শক্তিশালী গ্রেনেড হামলা হয়েছে। হামলায় পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। অনন্তনাগের পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, আহতদের মধ্যে এক ট্রাফিক পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

অনন্তনাগের প্রশাসনিক ভবন থেকে জানানো হয়েছে, কঠোর নিরাপত্তাবলয়ে ডিসি অফিসের নিরাপত্তাচৌকির সামনে বেলা ১১টার দিকে এ গ্রেনেড হামলা চালানো হয়।

তবে নির্দিষ্ট লক্ষ্যে গ্রেনেড নিক্ষেপ করতে ব্যর্থ হয়েছে হামলাকারীরা। যে কারণে প্রশাসনিক ভবনের রাস্তার পাশেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে স্থানীয় এক সাংবাদিক ও এক ট্রাফিক পুলিশসহ ১৪ ব্যক্তি আহত হয়েছেন।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দ্বিতীয়বারের মতো গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করা হয়েছে প্রশাসনিক ভবন থেকে।

আগের সংবাদমুহাম্মদ কুতুব : বিশ শতকের এই মহান চিন্তাবিদকে কতটুকু চেনেন?
পরবর্তি সংবাদপানিতে ডুবে তিন বোনের হৃদয়বিদারক মৃত্যু