কাশ্মীরের মর্যাদা বাতিলের মাধ্যমে ভারতের ভাঙন শুরু হলো : কংগ্রেস নেতা পি চিদম্বরম

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেছেন, ’কাশ্মীরের মর্যাদা বাতিলের মাধ্যমে মূলত ভারতের ভাঙন শুরু হয়ে গেলো।’ সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর আনন্দবাজারের।

কংগ্রেস নেতা বলেন, ‘সাংবিধানিক ইতিহাসে আজ কালো দিন। এটা যদি জম্মু-কাশ্মীরের সঙ্গে করা যায়, তা হলে দেশের অন্য রাজ্যগুলোর প্রত্যেকটার সঙ্গেই করা যেতে পারে।’

ভারতের এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রথমে রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হবে, রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, বিধানসভা ভেঙে দেওয়া হবে, বিধানসভার ক্ষমতা সংসদের হাতে যাবে, সরকার সংসদে একটা প্রস্তাব আনবে, সেটাতে সংসদ অনুমোদন দেবে এবং রাজ্যটা আর থাকবে না। প্রত্যেকটা রাজ্যকে এই ভাবে ভেঙে দেওয়া যাবে, দুটো অথবা তিনটে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা যাবে।’

এর পরেই আসে চিদম্বরমের সবচেয়ে কঠোর মন্তব্যটি। তিনি বলেন, ‘এই সরকার যদি এই পথেই এগোতে থাকে, তা হলে এখন থেকেই ভারতের ভাঙন শুরু হয়ে গেল।’

প্রসঙ্গত, সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে দেয়া এক টুইটে বলেন, ‘আজ ভারতীয় গণতন্ত্রের কালো দিন। ১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্ব প্রত্যাখ্যানের এবং ভারতের সঙ্গে থাকার সিদ্ধান্ত উল্টো ফল দিল। ৩৭০ ধারা বাতিলের যে সিদ্ধান্ত একতরফাভাবে ভারত সরকার নিয়েছে, তা বেআইনি ও অসাংবিধানিক এবং এই সিদ্ধান্ত ভারতকে জম্মু-কাশ্মীরে একটি দখলদার শক্তিতে পরিণত করবে।

ওমর আবদুল্লাহ টুইটারে বলেন, ১৯৪৭ সালে যখন জম্মু-কাশ্মীর ভারতের সঙ্গে জুড়েছিল, তখন রাজ্যের মানুষ ভারতের ওপরে যে বিশ্বাস রেখেছেন, সে বিশ্বাস আজ সম্পূর্ণ ভাবে ভেঙে দেয়া হল। ভারত সরকারের এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী এবং বিপজ্জনক ফলাফল হবে।

আগের সংবাদকাশ্মীরে ৩৭০ ধারা রদের প্রতিবাদে খেলাফত যুব মজলিস ও ঢাবি শিক্ষার্থীদের মিছিল
পরবর্তি সংবাদ৩৭০ ধারা রদ : যেভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো